রাজ্যের একাধিক জেলার রয়েছে বৃষ্টির পূর্বাভাস। সেই নিয়ে সতর্কতা জারি করল নবান্ন। নবান্নের তরফ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
কলকাতার একাধিক নিচু এলাকাগুলিতে যাতে জল জমে সমস্যা না হয় তাই কলকাতার পুরসভার কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। কোনো স্থানে জল জমলে তা নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পাম্প সহ নানান প্রস্তুতি গ্রহণ করতে বলা হয়েছে।
অপরদিকে,বিভিন্ন নদী বাঁধগুলির পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও উপকূলবর্তী অঞ্চলগুলিতে বিশেষ নজর দিতে বলা হয়েছে।আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রে খবর,’দক্ষিণবঙ্গের কাছাকাছি এগিয়ে আসছে জোড়া নিম্নচাপ। আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ আছে। আগামী দু’দিনে দু’টি নিম্নচাপই শক্তি বাড়াবে। তারপর উত্তর-পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে অগ্রসর হবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। শনিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের ধারা অব্যহত থাকবে’।সেই কারণে আগেভাগেই নবান্নের তরফ থেকে উপকূলবর্তী অঞ্চলগুলি এবং অন্যান্য জেলাগুলিকে সতর্ক করে দেওয়া হল।







