আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে ঘিরে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতে যখন সিবিআই ঘটনার বিভিন্ন দিক তদন্ত করছে, তখন একই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়ে খড়দা থানায় পৃথক মামলা দায়ের করে তদন্ত শুরু করায় ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে রাজ্য পুলিশ। আদালতের স্পষ্ট নির্দেশ, এই মামলার তদন্ত আর রাজ্য পুলিশের হাতে থাকবে না। তদন্তের দায়িত্বও সিবিআইয়ের উপরই ন্যস্ত করা হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ খড়দা থানার আইসি-কে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ মেনে বৃহস্পতিবার আদালতে হাজির হন সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক। তাঁর দাবি, নির্দিষ্ট নির্দেশ পাওয়ার পরেই খড়দা থানার তরফে তদন্ত শুরু করা হয়েছিল। তবে সেই নির্দেশ ঠিক কার কাছ থেকে এসেছিল, তা নিয়ে আদালতের সামনে স্পষ্ট কোনও উত্তর দিতে পারেননি তিনি।
খড়দা পুলিশের এই পদক্ষেপ নিয়েই মূলত প্রশ্ন তোলে আদালত। হাইকোর্টের নজরদারিতে সিবিআই যখন আরজি করের মূল ঘটনার তদন্ত করছে এবং ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করে কাজ চালাচ্ছে, তখন একই ঘটনার সঙ্গে যুক্ত বিষয়ে রাজ্য পুলিশ কীভাবে পৃথক তদন্ত শুরু করল, তা জানতে চায় ডিভিশন বেঞ্চ। আদালতের সঙ্গে তথ্য গোপন করা বা বিষয়টি নিয়ে কোনওরকম বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হয়েছিল কি না, সেই প্রশ্নও ওঠে শুনানিতে।
পুলিশের এই ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের সম্ভাবনার কথাও জানায় আদালত। বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে, আদালতের নির্দেশ ও চলমান তদন্ত সম্পর্কে পুলিশের অবগত থাকার কথা। তারপরেও কীভাবে একই বিষয়ে নতুন করে মামলা দায়ের করে তদন্ত শুরু করা হল, তা নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়।
এর পাশাপাশি, আইনি জটিলতা এড়াতে খড়দা থানায় দায়ের হওয়া মামলার যাবতীয় নথি ব্যারাকপুর আদালত থেকে শিয়ালদহ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। কারণ, আরজি করের মূল ধর্ষণ ও খুনের মামলার বিচারপ্রক্রিয়া শিয়ালদহ আদালতেই চলছে। ফলে একই ঘটনার সঙ্গে সম্পর্কিত বিষয়ে একাধিক জায়গায় সমান্তরাল তদন্ত বা বিচারপ্রক্রিয়া চললে জটিলতা তৈরি হতে পারে বলেই এই নির্দেশ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর হাসপাতালের সেমিনার রুম থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই তদন্ত এবং পরবর্তী প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। পরিবারের তরফে প্রমাণ লোপাট এবং তড়িঘড়ি দেহ সৎকারের অভিযোগও তোলা হয়। পরবর্তীতে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার খড়দা থানায় পৃথক মামলা দায়ের হয়। এবার সেই মামলার তদন্তের ক্ষেত্রেও রাজ্য পুলিশের ভূমিকা সরিয়ে দিয়ে দায়িত্ব সিবিআইয়ের হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট।







