পূর্ব বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে জইশ-ই-মহম্মদের সঙ্গে যোগ থাকার অভিযোগে গ্রেফতার হামিম মণ্ডল মামলায় আরও গুরুত্বপূর্ণ সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। শনিবার হামিমের ঘনিষ্ঠ সহযোগী তথা বান্ধবী অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে বিকেলে সাংবাদিক বৈঠক করে এসটিএফ-এর আইজি তদন্তে উঠে আসা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন।
এসটিএফ-এর দাবি, ধৃত জঙ্গি মডিউলের অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যের পুর প্রতিমন্ত্রী উমেশ রাই এবং তাঁর পরিবারের সদস্যরাও জঙ্গিদের টার্গেট তালিকায় ছিলেন। তদন্তকারীদের মতে, পাকিস্তানভিত্তিক শেহজাদ ভাট্টি চক্রের নির্দেশেই হামিম ও তার সহযোগীরা কাজ করছিল।
তদন্তে উঠে এসেছে, সীমান্তের ওপার থেকে নির্দেশ পেয়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলে গোপন তথ্য সংগ্রহের পরিকল্পনা করা হয়েছিল। এসটিএফ জানিয়েছে, অর্পিতা ও হামিম যৌথভাবে পুর প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের ছেলেকে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেল এবং অপহরণের ছক কষেছিল।
সাংবাদিক বৈঠকে এসটিএফ আরও জানায়, এই জঙ্গি চক্রটি পুলিশের পোশাক পরে দিল্লির যন্তর মন্তর-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় নাশকতার পরিকল্পনা করেছিল। ধৃতদের কাছ থেকে লন্ডন ও মেক্সিকোর আন্তর্জাতিক সিম কার্ড উদ্ধার হয়েছে। তদন্তকারীদের অনুমান, বিদেশে থাকা হ্যান্ডলারদের সঙ্গে এনক্রিপ্টেড মাধ্যমে যোগাযোগ রাখা এবং দেশের বিভিন্ন প্রান্তে স্লিপার সেল ও জঙ্গি নেটওয়ার্ক পরিচালনার কাজে এই সিমগুলি ব্যবহার করা হতো।
এর আগেই শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনাকে অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিষয় বলে উল্লেখ করেছিলেন। তদন্তে আরও জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর প্রতিদিনের সফরসূচির ওপর নজর রাখা হচ্ছিল। তিনি কখন নিউটাউনের বাসভবন থেকে বের হন, কনভয়ের অবস্থান কোথায় থাকে এবং পরবর্তী কর্মসূচি বা গন্তব্য কী—এসব সংক্রান্ত বিস্তারিত তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে।







