গাছ হল মানুষের নিঃস্বার্থ বন্ধু। গাছ আমাদের জীবন বাঁচায়। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। যা আমাদের নিঃশ্বাস নিতে সহায়তা করে। আবার গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে।কিন্তু এই পৃথিবীতে যেমন উপকারী গাছ রয়েছে তেমনি রয়েছে ভয়ংকর প্রজাতির সব বিষাক্ত গাছও। যার সংস্পর্শে এলে পুড়ে যায় ত্বক অথবা ভুল করে কেউ যদি ওই গাছের ফল খেয়ে ফেলে তাহলে তার মৃত্যু অনিবার্য। তেমনই একটি গাছ হল ‘ম্যানশিনীল’। যাকে ‘মৃত্যুগাছ’ বলেও ডাকা হয়। শুধু তাই নয়, বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ হিসেবেও পরিচিত এটি।
ক্যারিবীয়ান সমুদ্রের তীর ঘেঁষে এই গাছ দেখা যায়।এর সর্বোচ্চ উচ্চতা ৫০ ফুট। এই গাছে দুধের মতো ঘন রস থাকে। পাতা, গাছের ছাল এবং ফলেও সেই রস পাওয়া যায়। সেই রস কোনও ভাবে শরীরের সংস্পর্শে এলে পুড়ে যাওয়ার মতো ক্ষত সৃষ্টি হয়।এমনকি এই গাছের ফল খেলে দেহের ভিতরে রক্তক্ষরণ হতে শুরু করবে এবং কিছু ক্ষণের মধ্যে মৃত্যু হতে পারে।
গিনেস বুকেও বিশ্বের সবচেয়ে বিপজ্জনক গাছ হিসেবে চিহ্নিত করা হয়েছে ম্যানশিনীলের নাম। তবে স্থানীয় বাস্তুতন্ত্রকে টিকিয়ে রাখতে এই গাছের ভূমিকা রয়েছে। সমুদ্রের জল থেকে মাটিক্ষয় রোধ করে এই গাছ।
সায়েন্স এলার্ট পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, এই গাছের রসে ফরবল নামে এক প্রকার বিষ থাকে। যা সহজে জলে মিশে যায়। তাই বৃষ্টির সময় এই গাছের নীচে আশ্রয় নিতে নিষেধ করা হয়। কারণ বৃষ্টির পানির সাথে এই রস মিশে শরীরের সংস্পর্শে এলে বা কোনও কারণে চোখে গেলে দৃষ্টিশক্তির হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।







