দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার পূর্বেই প্রায় অধিকাংশই ধরে নিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত শর্মার কাঁধেই হয়তো তুলে দেওয়া হবে টি-টোয়েন্টি দলের ভার। তবে দল নির্বাচনের পরবর্তীতে দেখা যায় হিটম্যান কেবল টেস্ট দলকেই নেতৃত্ব দেবেন।
আবার অন্যদিকে, এহেন ঘটনাও ঘটেছিল যে, রোহিত ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ছুটির আর্জি রেখেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটে তিনি নেতৃত্ব দিতে চাননি। বিশ্বকাপের আগে থেকে যে পরিমাণ পরিশ্রম তাঁকে করতে হয় এবং পুরো বিশ্বকাপজুড়ে কঠিন পারফর্মেন্সের পর বিশ্রামের প্রয়োজন বলে মনে করেছেন রোহিত। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে বিসিসিআই।
উল্লেখ্য, এমনিতেও বিরাট ও রোহিতকে কুড়ি-বিশের ফরম্যাটে শেষবার বাইশ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে দেখা গিয়েছে। তারপর থেকে আর জাতীয় দলের জার্সিতে ছোট ফরম্যাটে খেলেননি তাঁরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে দল খেলছে, সেই দলই দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছে।
পিটিআই-কে জানানো হয়েছে, ‘রোহিতকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত এখন যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছে। চার মাসের দীর্ঘ ধকলের পরে আরও একটু বেশি বিশ্রাম চাইছে। অধিনায়ক হিসেবে ড্রেসিং রুমে রোহিতকে সবাই শ্রদ্ধা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে যদি ও নেতৃত্ব দিতে চায়, তাহলে নেতৃত্ব দিতে পারে।’







