দেশ

তীর্থযাত্রার সঙ্গে পরিবেশরক্ষার বার্তা, কেদারনাথ থেকে ১২ টন প্লাস্টিক নামালেন পুণ্যার্থীরা

বেড়াতে গিয়ে পর্যটনস্থল অপরিচ্ছন্ন করে তোলার অভিযোগ ওঠে বহু পর্যটকের বিরুদ্ধে। এমনকি ধর্মীয় তীর্থস্থানও সেই তালিকা থেকে বাদ যায় না। তবে এর সম্পূর্ণ বিপরীত ছবি ধরা পড়ছে কেদারনাথে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া ‘ক্যারি মি ব্যাক’ কর্মসূচিতে সাড়া দিয়ে পাহাড় থেকে নামার সময় নিজেদের সঙ্গে প্লাস্টিক বর্জ্যও নিচে নিয়ে আসছেন হাজার হাজার পুণ্যার্থী। গত কয়েক মাসে প্রায় ৫০০০ তীর্থযাত্রী কেদারনাথ থেকে ১২ টনেরও বেশি প্লাস্টিক বর্জ্য সরিয়ে এনেছেন বলে জানা গিয়েছে।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১ হাজার ৭৫৫ ফুট উচ্চতায় অবস্থিত কেদারনাথ মন্দির। গৌরীকুণ্ড থেকে প্রায় ১৮ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছতে হয় এই তীর্থস্থানে। উচ্চতা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে বর্জ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা করা যথেষ্ট কঠিন। এই সমস্যার কথা মাথায় রেখেই গত জুন মাসে স্থানীয় প্রশাসন ‘ক্যারি মি ব্যাক’ নামে বিশেষ সাফাই অভিযান শুরু করে। সেই উদ্যোগে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নিতে শুরু করেন তীর্থযাত্রীরা। এর ফলে গত চার মাসে গৌরীকুণ্ডে নামিয়ে আনা হয়েছে ১২ টনের বেশি বর্জ্য।

তীর্থযাত্রীদের এই পরিবেশবান্ধব উদ্যোগ ইতিমধ্যেই সমাজমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, তামিলনাড়ু-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্য এবং ওড়িশা থেকে আসা পুণ্যার্থীরা প্লাস্টিক বর্জ্য ভর্তি ব্যাগ নিয়ে পাহাড়ি পথ ধরে নীচে নামছেন। এমনকি কয়েকজনকে সাইকেলে করেও বর্জ্যের ব্যাগ নামিয়ে আনতে দেখা গিয়েছে।

গুরুগ্রামের ২৮ বছরের বাসিন্দা অঙ্কিতা সিং তাঁর দুই বন্ধুর সঙ্গে মিলে প্রায় ৮ কেজি বর্জ্য পাহাড় থেকে নীচে নিয়ে এসেছেন। তাঁর কথায়, পাহাড় পরিষ্কার রাখার এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি এক ধরনের ‘ঐশ্বরিক আনন্দ’ অনুভব করছেন। প্রশাসনের দাবি, এই কর্মসূচির ফলে কেদারনাথের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া সম্ভব হবে। আরও বেশি মানুষ এই উদ্যোগে সামিল হলে ‘ক্যারি মি ব্যাক’-এর লক্ষ্য পূরণ হবে বলেই মনে করছেন প্রশাসনিক কর্তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.