সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা।
দুর্গাপুজোকে আর হাতে গোনা কয়েকদিন বাকি। আকাশে বাতাসে পূজো পূজো গন্ধ। গত বছর মহালয়ার আগে-পরে শহরের স্টার পুজোগুলির উদ্বোধন শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবছর মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কারণে আপাতত তিনি ঘর বন্দি। তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর পুজো উদ্বোধন করবেন কিনা ধন্দে ছিল পুজো কমিটিগুলি।
তথ্য সংস্কৃতি দফতর থেকে জানানো হয়েছে প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
দফতর সূত্রে জানা যায়, আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ ১২ অক্টোবর থেকে শহরের দুর্গাপুজো গুলির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবছর ভার্চুয়ালিই সারবেন সমস্ত পুজোর উদ্বোধন।
কলকাতার বেশিরভাগ বড় পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছরের মতোই এবছরও মহালয়ার ২ দিন আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করবেন তিনি। কবে কখন কোন পুজো উদ্বোধন করবেন তাও উদ্যোক্তাদের এদিন জানিয়ে দেওয়া হবে বলে জানা যায়। আগামীকাল বৃহস্পতিবার মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমির পুজো উদ্বোধন দিয়েই শুরু হবে এবছরের পূজো উদ্বোধন এমনটাই খবর।







