প্রধানমন্ত্রী জি ২০ ভুক্ত রাষ্ট্রগুলির সংসদীয় স্পিকার সম্মেলনে দাবি করলেন, ভারতে মিশ্রিত বিভিন্ন ধর্মপ্রাণ, বিভিন্ন সংস্কৃতি এবং বাক্স্বাধীনতাকে সম্মান করে তাঁর সরকার। দেশে নির্বাচনী স্বচ্ছতা রয়েছে বলেও দাবি করেন। চব্বিশের লোকসভা ভোটে বিভিন্ন দেশের অতিথিদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
অন্যদিকে গত বছর অগস্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজেপি ইভিএম হ্যাক করতে পারে। একই সুর কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহের মুখে। সম্প্রতি ইভিএম ‘হ্যাক’ করা সম্ভব বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
রাজনৈতিক মহল মনে করছে এদিন সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তৃতায় নরেন্দ্র মোদী তাঁর বিরুদ্ধের বিভিন্ন রাজনৈতিক আক্রমণগুলির জবাব দিয়েছেন।
মোদীর রাজত্বে ভারতে মানবাধিকার লঙ্ঘন, সংখ্যালঘু পীড়ন, অসহিষ্ণুতা নিয়ে মাঝে মাঝেই সরব হয় আমেরিকা তথা পশ্চিমের বিভিন্ন সরকারি এবং বেসরকারি মঞ্চ। আজ সম্মেলনে মোদী বলেন, “ভারতের বিবিধতা, বিশালতার আয়না ভারতের সংসদ। এখানে বিভিন্ন বিশ্বাসের (ধর্ম) মানুষ রয়েছেন। রয়েছে বিভিন্ন খাদ্যাভ্যাস, আচার আচরণ, ভাষা। ভারত পাঁচ হাজার বছর আগে থেকেই গণতন্ত্রের ঐতিহ্য বহন করে চলেছে।”
সরকারের সমালোচক একটি সংবাদ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সম্পাদকের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা হয়েছে। যা দেশে এই প্রথম। ওই ঘটনায় সাংবাদিকদের বাড়িতে হানা দিয়ে ল্যাপটপ-মোবাইল বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ।আজ অবশ্য মোদী তাঁর বক্তৃতায় এ সব এড়িয়ে বরং ভারতের সংবাদমাধ্যমের বৈচিত্র তুলে ধরতে চেয়েছেন।







