শুধু ফাঁকা অভিযোগ নয়। লোকসভা থেকে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার দাবি বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের। যদিও পাল্টা চ্যালেঞ্জ মহুয়া মৈত্রর।
তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরূদ্ধে’ঘুষ’নেওয়ার অভিযোগ তুললো বিজেপি। এই ব্যাপারে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি পাঠিয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তিনি বলেছেন, এটা সংসদের অবমাননা। অবিলম্বে এর তদন্ত হওয়া প্রয়োজন বলেছেন তিনি।
অধ্যক্ষের কাছে পাঠানো চিঠিতে বিজেপি সাংসদ বলেছেন, তিনি আইনজীবী জয় অনন্ত দেহরায়ের কাছ থেকে একটি চিঠি পেয়েছেন। যেখানে তিনি মহুয়া মৈত্রকে প্রশ্নের বিনিময়ে ঘুষ নেওয়ার অভিযোগ করেছেন। অভিযোগ,ব্যবসায়ী দর্শন হিরানন্দানির ব্যবসায়িক স্বার্থে কথা মাথায় রেখে প্রশ্নগুলো করা হয়েছিল।
এছাড়াও নিশিকান্ত দুবে তার চিঠিতে অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে মহুয়া মৈত্রের ৬১ টি প্রশ্নের মধ্যে ৫০ টি প্রশ্ন এমন ছিল, যা দর্শন হিরানন্দানি এবং তার কোম্পানির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য জিজ্ঞাসা করা হয়েছিল।
চিঠিতে আরও বলা হয়েছে, যখনই সংসদে অধিবেশন শুরু হয়, মহুয়া মৈত্র, সৌগত রায়রা কোনও না কোনও অজুহাতে সবার সঙ্গে দুর্ব্যবহার করে সংসদের কার্যক্রম ব্যাহত করেন।
তিনি বলেছেন, এখন লোকসভায় প্রশ্ন করার পরিবর্তে এক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ সংগ্রহ এবং অন্য ব্যবসায়ী গোষ্ঠীকে লক্ষ্য করে করা মহুয়া মৈত্রের উদ্দেশ্য প্রকাশ পেয়েছে।
এদিকে মহুয়া মৈত্র CBI চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন অভিযোগের বিরূদ্ধে। তিনি বলেছেন, তিনি এব্যাপারে সিবিআই তদন্তকে স্বাগত জানাচ্ছেন।







