সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অযোধ্যার রামমন্দিরের আদলে তৈরি পুজো মণ্ডপের উদ্বোধন করেছিলেন।মঙ্গলবার তার জবাবে পুজো উদ্বোধনের একটি অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”ওঁদের কোনও শিক্ষা নেই।মা দুর্গার পুজো নিয়ে ওঁরা কিছুই জানেন না!”
মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে অযোধ্যার রাম মন্দিরের আদলে এ বারে পুজো মণ্ডপ তৈরি হয়েছে। আর তার শুভ উদ্বোধনে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অযোধ্যার সঙ্গে কলকাতাকে জুড়ে রাজনৈতিক ভাবে ইঙ্গিত করে বলেছিলেন, “অযোধ্যার আগে কলকাতাই বিশ্বের দরবারে রাম মন্দিরকে নিয়ে এসেছে”।
শাহের ২৪ ঘণ্টা পরে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মহম্মদ আলি পার্কের পুজো উদ্বোধনে এসে এই প্রসঙ্গ তুলে ভার্চুয়াল ব্যবস্থায় উপস্থিত মুখ্যমন্ত্রীকে রাম মন্দির নিয়ে শাহের ওই মন্তব্যের কথা জানালে মমতা বন্দ্যোপাধ্যায় বিরক্তির সুরে বলেন,”ছাড়ুন তো ওদের কথা!দুর্গা সম্পর্কে কতটুকু জানে! রামচন্দ্র মা দুর্গার পুজো করেছিলেন, অকাল বোধন করেছিলেন রাবণকে হারাতে।”
এদিন ভার্চুয়াল ব্যবস্থায় মুখ্যমন্ত্রী কলকাতার অসংখ্য মণ্ডপের উদ্বোধন করে সেই সংখ্যার কথা তুলেও পুজো-রাজনীতিতে তাঁর প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিজেপির উপস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, ”ওরা তো একটা পুজো করে। একটা পুজো নিয়েই থাক!” মমতা এখানে থামলেও পরে অন্য একটি মণ্ডপে এই তরজায় লোকসভা নির্বাচনের কথা টেনে এনেছেন সাংসদ সুদীপ। তিনি বলেন, ”এই মন্দির দেখিয়ে রামমন্দিরের কথা বলেছেন, তা তো ১৫ দিন পরে বিসর্জন হয়ে যাবে! আর ওঁর দল বিজেপির বিসর্জন হবে ২০২৪ সালে।”
রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য পাল্টা জবাবে বলেন, “রবীন্দ্রনাথ, বিদ্যাসাগরের বাংলা ছেড়ে ১৬ লক্ষ ৪০ হাজার ছেলেমেয়ে কেন বেঙ্গালুরুতে চাকরি করতে যাচ্ছেন, স্যর বীরেনের রাজ্যে শিল্পপতিরা উত্তরপ্রদেশ, ওড়িশা, উত্তরাখণ্ডে শিল্পের ঘোষণা করছেন।” তাঁর আরও মন্তব্য, ”ওঁরা জানতে আসছেন, কী করে বাংলায় সরকার ডেঙ্গির মশা মারার বদলে মোদী-সরকারকে মারার পরিকল্পনায় ব্যস্ত!”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পূজা উদ্বোধন করতে আসার ঘটনাকে সিপিএম ও কংগ্রেস কটাক্ষ করেছেন। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এ দিন কটাক্ষ করে বলেন, “নতুন ভাবনা, নতুন গান, নতুন সাহিত্য নিয়ে পুজোর আগে আলাদা পরিসর ছিল। এখন পুজোর মঞ্চকে রাজনীতির জন্য কাজে লাগানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি ব্যবস্থাপনায় চলে আসছেন পুজো উদ্বোধন করতে! আর আগে পুজোর সময়ে যাত্রা দল যে ভাবে প্রচুর পালা পেত, সেই রকম ভাবে মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করে চলেছেন। যা চলছে, গণতন্ত্রের জন্য ভাল কিছু হচ্ছে না।” পুজো উদ্বোধনের মঞ্চেই বাংলায় ‘পরিবর্তনে’র কথা বলেছিলেন শাহ। সেই প্রসঙ্গে বহরমপুরে এ দিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মন্তব্য, ”আমরা তো বিজেপিকে সারা ভারতবর্ষ থেকে উচ্ছেদ করার অভিযানে নেমেছি। আমরা চাই, ভারত থেকে বিজেপি নামক দলের অপসারণ হোক আর বাংলা থেকে তৃণমূলের অপসারণ হোক”।







