চলতি বছরের দোল উৎসবে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন প্রজেক্ট ‘লহ গৌরাঙ্গের নাম রে’-এর ঘোষণা করেছিলেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির প্রথম ঝলক। এই চলচ্চিত্রে শ্রী চৈতন্য তথা গৌরাঙ্গদেবের জীবনের বিভিন্ন পর্যায় এবং যুগান্তরের আধ্যাত্মিক প্রভাবই মূল উপজীব্য। চৈতন্যের চরিত্রের জন্য শুরু থেকেই দিব্যজ্যোতি দত্তকে বেছে নিয়েছিলেন সৃজিত। তাঁর গৌরাঙ্গ রূপে ফার্স্ট লুক প্রকাশিত হওয়ার পরই তুলনা শুরু হয় ছোটোপর্দার জনপ্রিয় গৌরাঙ্গ, অভিনেতা যিশু সেনগুপ্তের সঙ্গে। এরপরই জানা যায়, যিশুও রয়েছেন এই ছবিতে এবং তাঁর চরিত্র ঘিরেও জল্পনা শুরু হয়।
সম্প্রতি প্রকাশিত হয়েছে যিশু সেনগুপ্তের লুক, যেখানে তাঁকে নিত্যানন্দ প্রভুর চরিত্রে দেখা যাচ্ছে বলে অনুমান। মাথায় নীল পাগড়ি, গলায় তুলসীর মালা, কাঁধে নীল উত্তরীয় ও কপালে তিলক, যিশুর এই গেটআপ মন কাড়ছে দর্শকদের। অন্যদিকে, দিব্যজ্যতি ধরা দিয়েছেন কামানো মাথা, গেরুয়া বসন ও তিলকে গৌরাঙ্গরূপে। পরিচালক নিজেই শ্যুটিং ফ্লোর থেকে এই দুই অভিনেতার ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। ছবির ক্যাপশনে তিনি লেখেন,”আগামীর রঙ নাও তুমি…”। এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কারণ একসময় টেলিভিশনে ‘মহাপ্রভু’ ধারাবাহিকে যিশুর অভিনয় দর্শকদের মনে অমলিন ছাপ ফেলেছিল। দীর্ঘ ২৯ বছর পর সেই ঐতিহাসিক চরিত্রের ভার এবার যেন নতুন প্রজন্মের হাতে তুলে দিলেন তিনি।
ছবিটির শ্যুটিং ইতিমধ্যেই কলকাতায় শুরু হয়ে গিয়েছে। নির্মাতারা জানিয়েছেন, রথযাত্রার সময় পুরীতেও শ্যুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ছবির প্রযোজনায় রয়েছেন রানা সরকার ও এসভিএফ যৌথভাবে। ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে আধ্যাত্মিকতা, ইতিহাস ও ভক্তিভাবনার মেলবন্ধন ঘটাতে চলেছেন সৃজিত। এখন দেখার, গৌরাঙ্গ ও নিত্যানন্দের এই যুগল অবতারে কতটা প্রভাব ফেলেন যিশু ও দিব্যজ্যোতি।







