চার বছরের বিরতির পর ‘পাঠান’ দিয়ে বলিউডে ঝড় তোলেন শাহরুখ খান। সেই ছবির সময় থেকেই ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তুলছেন এই সুপারস্টার। এক সময় রোম্যান্টিক হিরো হিসেবে খ্যাত শাহরুখ এখন ধরা দিচ্ছেন অ্যাকশন হিরোর রূপে। এবার আরও এক ধাপ এগিয়ে গিয়েছে তাঁর এই রূপান্তর। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ঢিলে জিন্স, গেঞ্জি, মাথায় টুপি ও রোদচশমা পরে ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন শাহরুখ। পেশিবহুল শরীর এবং শরীর জুড়ে উল্কি, সব মিলিয়ে একেবারে অন্যরকম চেহারায় ধরা দিয়েছেন তিনি। অনেকেই বলছেন, এটাই হতে পারে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর লুক।
‘কিং’ ছবি নিয়ে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে। ছবির পরিচালক পরিবর্তন হওয়ার পাশাপাশি বদলেছে চিত্রনাট্যের ধরনও। এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি কারা কোন চরিত্রে অভিনয় করবেন। এই ছবিতে শাহরুখের সঙ্গে বড় পর্দায় প্রথমবার অভিনয় করতে চলেছেন তাঁর মেয়ে সুহানা খান। এর আগে সুহানা ওটিটি-র ছবি ‘আর্চিজ’-এ অভিনয় করলেও, ‘কিং’ হতে চলেছে তাঁর বড়োপর্দার অভিষেক।
কিছু মাস আগেই ছবিটি নিয়ে শাহরুখ বলেন,”আমি ‘কিং’-এ অভিনয় করছি। শিগগিরই শুটিং শুরু হবে। তার আগে আমাকে ওজন কমাতে হবে, শরীরচর্চা করতে হবে।” শাহরুখের মতে, একটি ছবি করতে তিনি সময় নেন, কারণ তিনি পরিচালকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পছন্দ করেন। তাই ‘কিং’-এর জন্যও সময় নিয়েই প্রস্তুতি নিচ্ছেন তিনি। শাহরুখ-সুহানাকে একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় এখন গোটা বলিউড এবং তাঁদের অনুরাগীরা।







