পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে নটী বিনোদিনীর চরিত্রে অভিনয় করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আগেই জানা গিয়েছিল, এই চরিত্রে শুভশ্রীকে নেওয়ার সিদ্ধান্ত পরিচালকের বহুদিনের। চার বছর আগে থেকেই তিনি শুভশ্রীকেই এই চরিত্রের জন্য ভাবনা-চিন্তা করেছিলেন। সৃজিত নিজেই জানিয়েছিলেন,”ওই আমার প্রথম পছন্দ ছিল। কোনও কারণে সেটা হয়ে ওঠেনি। এখন আমি আমার প্রথম পছন্দকেই পাচ্ছি জগন্নাথের ইচ্ছায়।”
চরিত্রে নিজেকে বিশ্বাসযোগ্য করে তুলতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন শুভশ্রী। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁকে দেখা গিয়েছে ‘নটী বিনোদিনী: আমার কথা’ বইটি পড়তে, যা প্রমাণ করে যে তিনি চরিত্রটির অন্তর্নিহিত ভাবনাগুলি ধরার জন্য গবেষণায় মন দিয়েছেন। পাশাপাশি, চরিত্রের জন্য শরীরচর্চা ও ডায়েটেও এনেছেন পরিবর্তন।
এবার সামনে এল শুভশ্রীর নতুন লুক ‘গৌরাঙ্গ’ রূপে। চুল কামানো মাথা, গেরুয়া বসন, কপালে চন্দনের তিলক আর দুহাত তুলে ধ্যানমগ্ন ভঙ্গিমায় দাঁড়ানো শুভশ্রীর এই রূপ দেখে চমকে উঠেছে দর্শক। শুধু এটুকুই নয়, ছবিতে শুভশ্রীর আরও কিছু চমকপ্রদ লুক রয়েছে বলেই জানা যাচ্ছে। নতুন রূপে শুভশ্রীকে দেখার জন্য দর্শকদের আগ্রহ তুঙ্গে। সৃজিতের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ইতিমধ্যেই চর্চার কেন্দ্রে, আর তার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ‘বিনোদিনী’ শুভশ্রী গঙ্গোপাধ্যায়।







