টেকসই উন্নয়নের জন্য শক্ত ভিত্তি প্রয়োজন। আর সেই ভিত্তি হল উচ্চশিক্ষা। একটি জাতির মেরুদন্ডই হলো শিক্ষা। প্রতিবছর রাজ্য সরকারের তরফে আয়োজিত “বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট”-এ একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে দুটি বিষয় স্কুল এডুকেশন এবং হায়ার এডুকেশন।
আগামী ২১ এবং ২২ নভেম্বর এবছরের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে এডুকেশন কনক্লেভের থিম রাখা হয়েছে “হায়ার এডুকেশন অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সাসটেনেবল গ্রোথ”। উচ্চশিক্ষাকে ভিত্তি করে কীভাবে উন্নয়নের পথে এগোনো যায় সেই লক্ষে এই থিম । রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)র সহযোগিতায় আগামী ৪ নভেম্বর শনিবার আয়োজিত হতে চলেছে “হায়ার এডুকেশন অ্যান্ড রিয়ালাইজেশন অফ সাসটেনেবল ডেভেলপমেন্ট: পেভিং দ্য ওয়ে ফরোয়ার্ড”। উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য এবং অ্যাডামাস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সুরঞ্জন দাস বলেন, “গোটা বিশ্বই এই দীর্ঘমেয়াদী উন্নতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই কনক্লেভে যে চারটি মূল বিষয়ের ওপর আলোকপাত করা হচ্ছে তার মধ্যে অন্যতম হল “ডেস্টিনেশন ওয়েস্ট বেঙ্গল”।”
তিনি আরও বলেন, “জাতীয় এবং আন্তর্জাতিক মাপকাঠিতে আমাদের রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি খুবই ভালো জায়গায় আছে। ফলে বাংলাই আগামীদিনে শিক্ষাক্ষেত্রে গন্তব্য হতে চলেছে।”







