রাজনীতি

ঋতব্রত শিবিরে ফের ভাঙন? পদ ছাড়লেন মহিলা সভানেত্রী সাবিনা, চিঠিতে ‘তৃণমূল’ পরিচয় ঘিরে জল্পনা

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসে ফের ভাঙনের সুর। এবার সংগঠনের মহিলা সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে পদত্যাগপত্রে সাবিনা স্পষ্ট করে জানিয়েছেন, পদ ছাড়লেও দল ছাড়ছেন না।

তবে তাঁর ইস্তফাপত্রের একটি বিষয়ই এখন রাজনৈতিক মহলের নজরে। চিঠিতে সাবিনা নিজেকে ঋতব্রত শিবিরের ‘তৃণমূল মহিলা কংগ্রেস’-এর সভানেত্রী হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি জানিয়েছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি ওই দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন।

আর চিঠির শেষের দিকে রয়েছে আরও একটি তাৎপর্যপূর্ণ উল্লেখ। সাবিনা বিপ্লব মিত্রকে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু গোটা চিঠিতে কোথাও ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’ নামটির উল্লেখ নেই।

এই বিষয়টিই নতুন করে রাজনৈতিক জল্পনা তৈরি করেছে। কারণ, ঋতব্রত শিবিরের নেতারা শুরু থেকেই দাবি করে আসছেন, তাঁরাই প্রকৃত তৃণমূল এবং তাঁরা প্রথম থেকেই তৃণমূলের সঙ্গেই রয়েছেন। সেই আবহে মালদহের গুরুত্বপূর্ণ নেত্রী সাবিনা ইয়াসমিনের ইস্তফাপত্রে ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’-এর উল্লেখ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তাহলে কি ঋতব্রত শিবিরের ‘আমরাই তৃণমূল’ অবস্থানেরই প্রতিফলন দেখা গেল সাবিনার চিঠিতে? নাকি নিছকই চিঠি লেখার সময় ব্যবহৃত হয়েছে ওই রাজনৈতিক পরিচয়? প্রশ্ন উঠছে তা নিয়েই।

যদিও সাবিনা তাঁর চিঠিতে দল ছাড়ার কোনও ইঙ্গিত দেননি। বরং স্পষ্ট জানিয়েছেন, দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও তিনি দলের সঙ্গেই থাকছেন। ফলে শারীরিক অসুস্থতাই কি একমাত্র কারণ, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রাজনৈতিক সমীকরণ—তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.