আর জি কর কাণ্ডে এবার নয়া মোড়, কলকাতা পুলিশের দাবি সম্ভবত সত্যি। সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাব থেকে প্রাপ্ত ডিএনএ পরীক্ষার রিপোর্ট অনুসারে, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় ধর্ষণের সাথে জড়িত বলে প্রমাণিত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ধর্ষিতার দেহে সঞ্জয় ছাড়া আর কোনও সিমেন মেলেনি।
প্রথম দিকে কলকাতা পুলিশ জানিয়েছিল ধর্ষণের সঙ্গে একমাত্র সঞ্জয় জড়িত। ঘটনাস্থল থেকে নমুনা ও সংগ্রহ করা হয়েছিল। তার রিপোর্ট অনুযায়ী সঞ্জয়ের ডিএনএ এর সাথে মিল রয়েছে।
এই রিপোর্ট কলকাতা পুলিশ থেকে সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে, যেহেতু ১৩ আগস্ট কলকাতা হাইকোর্ট এই মামলার তদন্ত ভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। ডিএনএ পরীক্ষার মাধ্যমে সঞ্জয়ের ভূমিকা স্পষ্ট হয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গুজব প্রচলিত থাকায়, এই রিপোর্টের ওপর সম্পূর্ণ আস্থা রাখা যাচ্ছে না। সিবিআই-এর কাছে যদি সঞ্জয়ের নারকো অ্যানালিসিসের প্রয়োজনীয়তা উঠে আসে, তবে তদন্তের পরবর্তী পর্যায়ে নতুন বিতর্ক সৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি এও মনে করা হচ্ছে, দুটি রিপোর্ট একই থাকলে কোনো প্রশ্ন উঠবে না তবে যদি আলাদা রিপোর্ট আসে সেক্ষেত্রে নতুন করে বিতর্কের সৃষ্টি হতে পারে।






