মঙ্গলবার নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে উদ্বোধন হলো দুদিনের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেই মঞ্চে এবার বড় ঘোষণা রিলায়্যান্স কর্তা মুকেশ আম্বানির। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশংসা করে তিনি বলেন, “রিলায়্যান্স বাংলায় প্রায় ৪৫ হাজার কোটি বিনিয়োগ করেছে। পরিকল্পনা, আগামী ৩ বছরে ২০ হাজার কোটি বিনিয়োগের।”
প্রথমসারির শিল্পপতি এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন সেই সন্মেলনে। নিজ নিজ বক্তব্যে সকলেই তুলে ধরলেন বাংলার শিল্প এবং উন্নয়নের প্রসঙ্গ। আম্বানি জানান, প্রথম লক্ষ্য, ডিজিটাল লাইফ সলিউশন, অর্থাত্ শিক্ষা, স্বাস্থ্য, কৃষিক্ষেত্রকে ডিজিটালি আরও উন্নত করার লক্ষ্যে বিনিয়োগ। দ্বিতীয় লক্ষ্য, জিও-ফাইভ জি রোল আউট। রাজ্যের গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায়, জিও পরিষেবা পৌঁছে দেওয়া। বাংলার প্রতি ঘর পরিণত হবে স্মার্ট হোমে। রাজ্যের মুখরোচক, সিটিগোল্ড, প্রভুজি সহ একগুচ্ছ শিল্পসস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধছে রিলায়্যান্স এবং এর ফলে তাদের পণ্য ছড়িয়ে যাবে দেশ জুড়ে। জৈব শক্তি উত্পাদনেও বিনিয়োগ করবে এই সংস্থা। এছাড়া আম্বানি জানান, রিলায়েন্স ফাউন্ডেশন কালীঘাট মন্দির সংস্কার করবে, মন্দিরের পুরনো ঐতিহ্য বজায় রেখে। বিশ্ব বাংলার সমস্ত পণ্য গোটা দেশে ছড়িয়ে দেবে রিলায়্যান্স মার্ট। আম্বানী জানান, বাংলার হস্তশিল্পের বিকাশের জন্য একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলবে তাঁর সংস্থা। । স্বদেশ ট্রেনিং ইন্সটিটিউট বাংলায় রাজ্য সরকারের সহযোগিতায় এই কাজ করবে। আর এই সমস্ত ক্ষেত্রেই হবে বিপুল কর্মসংস্থান। মুকেশ আম্বানী মঙ্গলবার বলেন, বাংলার জিডিপি বৃদ্ধির হার এই মুহূর্তে জাতীয় হারের থেকে বেশি। রাজ্যের রাজস্ব সংগ্রহ তিনগুণ হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অর্থনৈতিক বৃদ্ধিতে বাংলা শীঘ্রই সিঙ্গাপুর, কোরিয়া, তাইওয়ানকে ছাপিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।







