পহেলগাঁও হামলার বদলা হিসেবে ‘অপারেশন সিঁদুর’ চালানোর পর ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী ১০টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠকে বসলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার এবং সিকিমের মুখ্যমন্ত্রী, ডিজিপি এবং সচিবরা উপস্থিত ছিলেন।
নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও উপস্থিত ছিলেন। মূলত, পাকিস্তান সেনা ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই সীমান্তবর্তী এলাকায় ক্রমাগত গোলাবর্ষণ শুরু করেছে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার সাধারণ নাগরিকদের দ্রুত সরিয়ে আনার নির্দেশ দিয়েছেন অমিত শাহ। তিনি স্পষ্ট জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপত্তা ভারতের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিয়মিতভাবে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) প্রধান দলজিৎ সিং, জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রীর বক্তব্য অনুযায়ী, পহেলগাঁও হামলার পরেও পাকিস্তান জঙ্গি দমনের কোনও চেষ্টা করেনি, যার ফলে ‘অপারেশন সিঁদুর’ চালানো অপরিহার্য হয়ে পড়ে।
পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে ‘প্রিসিশন স্ট্রাইক’ চালানোর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ হুঁশিয়ারি দিয়েছেন, এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে। এই পরিস্থিতিতে সীমান্তবর্তী রাজ্যগুলির নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ নাগরিকদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই জরুরি বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






