রাজনীতি

অভিষেকের সঙ্গে শোভনের একান্ত বৈঠক, তৃণমূলে ফেরার জল্পনা ঘনীভূত – চাপে কি ববি?

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: কালীঘাটের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় নজরকাড়া বৈঠক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ৫০ মিনিট ধরে বৈঠকে বসলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন তাঁর দীর্ঘদিনের সঙ্গী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। বৈঠকের পর থেকেই রাজনৈতিক মহলে ফের গুঞ্জন— তৃণমূলে শোভনের ঘরে ফেরা কি এবার পাকা চুক্তির পথে? আর এই জল্পনার আবহেই প্রশ্ন উঠছে, বর্তমান মেয়র ফিরহাদ (ববি) হাকিম কি চাপে পড়লেন?

নজিরবিহীন বৃষ্টিতে জলে ডুবে থাকা কলকাতা পুরসভার প্রশাসনিক ভূমিকা নিয়েই এখন সমালোচনার কেন্দ্রবিন্দুতে ববি হাকিম। জল নামেনি পূর্ব কলকাতা, যাদবপুর, বাঁশদ্রোণী-সহ একাধিক এলাকায়। নাগরিক ক্ষোভে বিরোধীরা যেমন তোপ দাগছে, তেমনই শাসকদলের ভেতর থেকেও ববির কাজের ধারা নিয়ে প্রশ্ন উঠছে। এই সময়েই শোভনের সঙ্গে অভিষেকের বৈঠক রাজনৈতিক তাৎপর্য বহন করছে বলেই মনে করছে দলীয় মহল।

বৈশাখী বৈঠকের পর স্পষ্ট ভাষায় বলেন, “শোভনের সক্রিয় রাজনীতিতে ফেরা এখন কেবল সময়ের অপেক্ষা।” অতীতে নবান্নে মমতার সঙ্গে শোভন-বৈশাখীর সাক্ষাৎ হলেও, অভিষেকের সঙ্গে পৃথক বৈঠক এই প্রথম। বৈশাখীর কথায়, “গত আট বছরের অনেক ক্ষতে প্রলেপ পড়েছে। খুব শিগগিরই মমতার নেতৃত্বে এবং অভিষেকের নির্দেশে শোভনকে সক্রিয় রাজনীতির ময়দানে দেখা যাবে।”

শোভন নিজেও জানান, “আট বছর পরে অভিষেকের সঙ্গে মুখোমুখি দীর্ঘ আড্ডা হল। মমতার সঙ্গে আমার যোগাযোগ ছিলই। এবার অভিষেককে বলেছি, তাঁর বড় কর্মকাণ্ডে যদি আমি সামান্য ভূমিকা রাখতে পারি, তবে খুশি হব।”

শোভনের অভিজ্ঞতার বড় ক্ষেত্র পুর প্রশাসন। জলনিকাশি নিয়ে তাঁর সাফল্যের কারণে একসময় তিনি ‘জল শোভন’ নামেই পরিচিত হয়েছিলেন। সেই জায়গা থেকেই অনেকের মনে হচ্ছে— নাগরিক ক্ষোভ প্রশমনে শোভনের অভিজ্ঞতাকে কাজে লাগাতেই কি এই বৈঠক?

তবে দলীয় মহলের একাংশ বলছে, এখনই মেয়র বদলের প্রশ্ন নেই। শোভন ফিরলেও তাৎক্ষণিকভাবে তাঁকে সেই আসনে বসানো সম্ভব নয়। কিন্তু তাঁর সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন নিশ্চিত হলে আগামী বিধানসভা নির্বাচনে টিকিট মিলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনীতির অঙ্ক তাই আপাতত স্পষ্ট— এই বৈঠকের মাধ্যমে একদিকে যেমন শোভনের পুনরুত্থানের পথ খুলে গেল, তেমনই ববিকে চাপের মুখে রাখার কৌশলও খোলা চোখে ধরা দিল। তবে শেষ সিদ্ধান্ত থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.