মমতা বন্দ্যোপাধ্যায়ের হন্তদন্ত হয়ে খালি হাতে প্রতীক জৈনের বাড়িতে যাওয়া এবং সবুজ ফাইল হাতে বেরিয়ে আসা নিয়ে , বর্তমানে তুঙ্গে বাংলার রাজ্য – রাজনীতি। আবার অন্যদিকে, আদালতে ইডি বনাম তৃণমূলের শুনানির অপেক্ষা। কিন্তু বিজেপি তথা বিরোধীরা এই নিয়ে একের পর এক প্রশ্ন তুলছেন। কেন সেদিন খবর পাওয়া মাত্রই এত হন্তদন্ত হয়ে এলেন মুখ্যমন্ত্রী? কেন ইডির কাজে বাধা দিয়ে ফাইল নিয়ে বেরিয়ে এলেন ? সেই নিয়ে একের পর এক বিতর্ক যখন সামনে আসছে , তারই মাঝে এবার মুখ্যমন্ত্রীর গাড়ি নিয়েও উঠলো প্রশ্ন ।
বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য রবিবার এক সাংবাদিক বৈঠকে প্রশ্ন তোলেন, “যে গাড়ি নিয়ে এলেন আর যে গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, সেই দুটোর নম্বর এক নয় কেন? সবুজ ফাইলে কী ছিল, প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি নেতাদের নাম বেরিয়ে পড়বে? কত নেতাদের কাছে সরাসরি টাকা গিয়েছে, সব সামনে আসবে?”
রাজ্য সভাপতির কথায়, “কয়লা কেলেঙ্কারির মতো দুর্নীতিতে শিলমোহর লাগিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগসূত্র পাওয়ার জন্য তদন্ত চলছে। পশ্চিমবঙ্গে যতগুলি তদন্ত চলছে, সেগুলি সব চলছে হাইকোর্টের নির্দেশে। অতীতেও দেখা গিয়েছে, গতি শ্লথ হয়ে যাওয়ার জন্য ভর্ৎসনার সম্মুখীন হতে হয়েছে।” পাশাপাশি শমীক ভট্টাচার্য এও দাবী করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হন্তদন্ত হয়ে সেদিন গেলেন! সেই প্রশ্নও বিজেপি নয় , সাধারণ মানুষ তুলছে ।
উল্লেখ্য, প্রতীক জৈনের বাড়িতে ইডি তল্লাশি চালানোর সময় , খবর পাওয়া মাত্রই পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তারপর বেশ কিছু ফাইল নিয়ে বেরিয়ে আসেন , আইপ্যাকের অফিস থেকেও কিছু ফাইল বের করে গাড়িতে তোলা হয়। মুখ্যমন্ত্রী যে গাড়ি করে এসেছিলেন, ফাইল তোলা হয় সেই গাড়িতেই এবং অন্য গাড়ি করে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যান।







