স্বচ্ছতা আনে পরিপূর্ণতা। আর এই স্লোগানকে সামনে রেখে জলপাইগুড়ি জেলা প্রশাসনের নির্দেশে এবং ক্রান্তি ব্লক প্রশাসন ও রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় স্বচ্ছ গ্রাম গড়ে তুলতে এবং জলবাহিত ও মলবাহিত রোগের থেকে রেহাই পেতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এক সচেতন কর্মসূচি অনুষ্ঠিত হলো।
এইদিন ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেন ও রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় উড়াও নেতৃত্বে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে চেংমারী গেট পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক প্ল্যাকার্ড হাতে মিছিল করা হয়। মিছিল শেষে গ্রাম পঞ্চায়েত কার্যালয় সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই বিষয়ে ক্রান্তি সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেন বলেন, আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারিত জিনিস গুলি ব্যবহার করার পরে বর্জ্য জিনিসগুলি যেখানে সেখানে না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলা এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়গুলি মেনে চলতে হবে বলে তিনি উল্লেখ করেন।
এইদিন এই কর্মসূচিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক রিমিল সরেন ও রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় উড়াও ছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রামিজ উল আলম,নিখিল রায়, সুদীপ রায় এবং সংঘের নেত্রী প্রভাতী রায় প্রমুখ ।







