খেলাধুলা

যুবভারতীতে নিখরচায় আইএসএল খেলবে মোহনবাগানও, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে মিলল ছাড়পত্র

কলকাতা: ইস্টবেঙ্গলের পর এবার মোহনবাগানও যুবভারতী ক্রীড়াঙ্গনে নিখরচায় আইএসএল ম্যাচ খেলার অনুমতি পেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপেই সবুজ-মেরুন ব্রিগেডের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ফলে ঘরের মাঠের ম্যাচ খেলতে আর আলাদা করে স্টেডিয়াম খরচ বহন করতে হবে না গতবারের চ্যাম্পিয়নদের।

আগামী ১৪ ফেব্রুয়ারি যুবভারতীতে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে মরশুমের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। ইতিমধ্যেই ওই ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছে। ফুটবলপ্রেমীদের মধ্যে টিকিট কাটা নিয়ে যথেষ্ট উন্মাদনাও লক্ষ্য করা যাচ্ছে। ঘরের মাঠের বাকি ম্যাচগুলিও যুবভারতীতেই খেলবে সবুজ-মেরুন শিবির।

কয়েক দিন আগেই যুবভারতীতে ইস্টবেঙ্গলের ম্যাচ আয়োজন নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। লিগ শুরু দেরিতে হওয়ায় স্টেডিয়াম ভাড়ার বিপুল খরচের কথা জানিয়ে লাল-হলুদের ইনভেস্টররা কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেন। যদিও তাতে আপত্তি জানায় ক্লাব কর্তৃপক্ষ। পরে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলে রাজ্য সরকার ইস্টবেঙ্গলকেও নিখরচায় যুবভারতীতে খেলার অনুমতি দেয়। সেই সিদ্ধান্তেরই ধারাবাহিকতায় এবার একই সুবিধা পেল মোহনবাগান।

অন্যদিকে, কিশোর ভারতী স্টেডিয়ামে মহামেডান স্পোর্টিং ক্লাবকেও ম্যাচ খেলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার।

এদিকে নতুন মরশুমের প্রস্তুতিতে ব্যস্ত মোহনবাগান শিবির। হ্যামস্ট্রিংয়ের চোটে গোটা মরশুমের জন্য ছিটকে গিয়েছেন নির্ভরযোগ্য ডিফেন্ডার আশিস রাই। তাঁর পরিবর্ত হিসেবে ২৮ বছর বয়সি ডিফেন্ডার আমে রানওয়াড়েকে দলে নিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। সোমবার থেকেই দিমিত্রি পেত্রাতোস, জেমি ম্যাকলারেন, আলবার্তো রডরিগেজ ও টম অলড্রেডদের সঙ্গে অনুশীলনে নেমেছেন তিনি।

সংক্ষিপ্ত এই আইএসএল মরশুমকে সামনে রেখে সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তীরাও জোরকদমে প্রস্তুতি শুরু করেছেন। পুরো দলের ওপর কড়া নজর রাখছেন হেড কোচ অস্কার ব্রুজো। মরশুমের শুরুতেই ঘরের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই নামতে চায় গতবারের চ্যাম্পিয়নরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.