খেলাধুলা

কলকাতায় আসছে ব্রাজিল-উরুগুয়ে, টিকিট না পেলেও দেখবেন কীভাবে?

পুজোর আগেই কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর। শহরের যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হতে চলেছে বিশ্বের দুই শক্তিশালী ফুটবল দল ব্রাজিল ও উরুগুয়ে। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে। কয়েকদিন আগেই ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়েছিল। টিকিট ছাড়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই তা শেষ হয়ে যায়। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে আয়োজিত হবে মোট তিনটি ম্যাচ। ব্রাজিল ও উরুগুয়ের পাশাপাশি এই সিরিজে খেলবে পানামাও।

তবে চড়া টিকিটের দাম নিয়ে অনেক ফুটবলপ্রেমীর মধ্যেই তৈরি হয়েছে চিন্তা। এত টাকা খরচ করে স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাহলে উপায় কী?

ভারতে এই ম্যাচগুলির সম্প্রচারের দায়িত্ব নিয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক। সোনি স্পোর্টস নেটওয়ার্কের একাধিক চ্যানেলে সরাসরি দেখা যাবে ম্যাচগুলি। পাশাপাশি সোনি ৮ চ্যানেলে বাংলা ধারাভাষ্যেও ম্যাচ দেখার সুযোগ থাকছে। এছাড়াও সোনি লিভের অ্যাপ ও ওয়েবসাইটে অনলাইনে লাইভ স্ট্রিমিং করা হবে।

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতার যুবভারতী স্টেডিয়ামে ব্রাজিল এবং ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।

ভারতীয় ফুটবলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। কেন জাতীয় দলের অবস্থার উন্নতি হচ্ছে না? কেন কুরাসাও বা কেপ ভার্দের মতো তুলনামূলকভাবে কম পরিচিত দল বিশ্বকাপের মঞ্চে জায়গা করে নিতে পারলেও ভারত পারছে না? কবে বদলাবে ভারতীয় ফুটবলের পরিস্থিতি? এমন নানা প্রশ্নই ঘুরপাক খায় সমর্থকদের মধ্যে। এমনকি ভবিষ্যতে ভারত আদৌ বিশ্বকাপে খেলতে পারবে কি না, তা নিয়েও রয়েছে সংশয়।

তবে আসন্ন এই ম্যাচগুলিকে ঘিরে কিছুটা আশার আলো দেখছেন ফুটবলমহলের একাংশ। কারণ, ভারতের প্রতিপক্ষ পানামা বিশ্ব ফুটবলের ক্রমতালিকায় প্রথম ৫০-এর মধ্যে থাকা একটি দল। সেখানে ব্রাজিলের অবস্থান পঞ্চম এবং উরুগুয়ে রয়েছে ২০ নম্বরে। ফলে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কয়েকদিন আগেই ব্রাজিল ফুটবল দলের প্রেসিডেন্ট ভারতে এসেছিলেন। কলকাতায় এই ম্যাচ আয়োজন নিয়ে তিনি যথেষ্ট আশাবাদী ছিলেন। তাঁর মতে, এই ম্যাচ ভারত ও ব্রাজিলের সম্পর্ককে আরও মজবুত করবে। যদিও যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠের মান নিয়ে ব্রাজিলের পর্যবেক্ষক দল পুরোপুরি সন্তুষ্ট ছিল না বলে খবর।

শেষ পর্যন্ত অবশ্য যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে কলকাতায় খেলতে আসছে ব্রাজিল ও উরুগুয়ে। ফলে পুজোর মরসুমে যুবভারতীর মাঠে ভিনিসিয়াস, রাফিনহাদের দেখার সুযোগ পেতে চলেছেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.