কাতারের শিল্পনগরী রাস লাফানে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) উৎপাদন ও রফতানি কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন ভারতীয় নাগরিক এবং একজন পাকিস্তানের বাসিন্দা বলে জানিয়েছে কাতার প্রশাসন। ঘটনায় আহত হয়েছেন আরও ৬৬ জন, তবে তাঁদের সকলের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং হাসপাতালে চিকিৎসা চলছে।
কাতারের জ্বালানি মন্ত্রী ও ‘কাতার এনার্জি’-র প্রধান সাদ আল-কাবি এক বিবৃতিতে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি ‘প্রযুক্তিগত দুর্ঘটনা’ বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আশ্বাস দেন যে, এই দুর্ঘটনার ফলে গ্যাস আমদানি-রফতানি কার্যক্রমে কোনও বড় প্রভাব পড়বে না।
কর্তৃপক্ষের দাবি, বিস্ফোরণের জেরে পরিবেশের কোনও ক্ষতি হয়নি এবং সাধারণ মানুষের জন্য বিপজ্জনক কোনও গ্যাসও বাইরে ছড়িয়ে পড়েনি। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
দোহায় অবস্থিত ভারতীয় দূতাবাসও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে, কাতার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত ভারতীয়দের সহায়তায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, রবিবার রাতে রাস লাফান শিল্পাঞ্চলে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এই অঞ্চলটি শুধু কাতারের নয়, বিশ্ব জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট হয়নি। তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।







