বর্ষাকাল এলেই শিশুদের মধ্যে নানা ধরনের সংক্রমণ বাড়তে শুরু করে। ঠান্ডা লাগা, সর্দি-কাশির পাশাপাশি এই সময়েই দেখা যায় হারপ্যানজাইনার মতো ভাইরাসজনিত রোগের প্রকোপ। বিশেষজ্ঞদের মতে, এক বছরের বেশি বয়সি শিশুদের মধ্যে এই সংক্রমণ তুলনামূলক বেশি দেখা যায়। কক্সস্যাকি ভাইরাসের কারণে হওয়া এই রোগ অত্যন্ত ছোঁয়াচে হলেও অধিকাংশ ক্ষেত্রে পাঁচ থেকে সাত দিনের মধ্যেই সেরে যায়।
চিকিৎসকদের মতে, জ্বর, গলা ব্যথা, সর্দি-কাশি হারপ্যানজাইনার প্রাথমিক লক্ষণ। তবে মুখ ও গলার পিছনের অংশে ছোট ছোট লালচে ফুসকুড়ি বা আলসার এবং তার চারপাশে সাদা আস্তরণ দেখা গেলে বিশেষ সতর্ক হওয়া প্রয়োজন। অনেক সময় আক্রান্ত শিশুর মুখে দুর্গন্ধ, অতিরিক্ত লালা পড়া, খেতে অনীহা, এমনকি বমির মতো উপসর্গও দেখা দিতে পারে।
বর্তমানে এই রোগ প্রতিরোধের জন্য কোনও নির্দিষ্ট টিকা বা বিশেষ অ্যান্টিভাইরাল ওষুধ নেই। জ্বর ও ব্যথা কমাতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল এবং প্রয়োজনীয় সাপোর্টিভ ট্রিটমেন্টই প্রধান ভরসা। মুখে ঘা থাকায় শিশুরা খেতে না চাইলে শরীরে জল ও পুষ্টির ঘাটতি তৈরি হতে পারে। তাই পর্যাপ্ত তরল খাবার, নরম ও সহজপাচ্য খাবার দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাতলা সুজি, ঠান্ডা দুধ বা আইসক্রিমের মতো খাবার কিছুটা স্বস্তি দিতে পারে।
বিশেষজ্ঞদের মতে, ভয় পাওয়ার কারণ না থাকলেও সচেতন থাকা জরুরি। নিয়মিত হাত ধোয়ার অভ্যাস, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং অসুস্থ অবস্থায় অন্য শিশুদের থেকে দূরে রাখাই সংক্রমণ রোধের প্রধান উপায়। সুস্থ হওয়ার পরেও কয়েক দিন শরীর দুর্বল থাকতে পারে। তাই পুষ্টিকর খাবারের উপর জোর দিয়ে পুরোপুরি সুস্থ হওয়ার পরেই শিশুকে স্কুল বা খেলাধুলায় ফেরানো উচিত।
চিকিৎসকদের আরও স্পষ্ট বক্তব্য, বাড়িতে পোষ্য প্রাণী থাকলে এই রোগ ছড়ায়— এমন ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তাই অযথা আতঙ্ক নয়, বরং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।







