বিধানসভার নিরাপত্তা বাড়াতে আরও অতিরিক্ত সিসিটিভি বসাচ্ছে কলকাতা পুলিশ। জানা যাচ্ছে, বিধানসভার বিভিন্ন যায়গায় বসানো হচ্ছে মোট ২২ টি আধুনিক সিসিটিভি ক্যামেরা। গত ডিসেম্বর মাসে সাংসদে ‘স্মোক গ্রেনেড’ নিয়ে হামলার পর বিধানসভায় নিরাপত্তা আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভায় যাতে দর্শনার্থীদের নামে অযাচিত ব্যক্তিরা না প্রবেশ করতে পারে, তার জন্য নজরদারি বাড়ানোর ব্যাপারেই গুরুত্ব দেওয়া হবে। নজরদারি বাড়ানোর জন্যই লালবাজারের পুলিশকর্তারা বিধানসভায় অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন। সেই অনুযায়ীই বিধানসভায় ২২টি এমপি বুলেট সিসিটিভি ক্যামেরা বসানো হচ্ছে।
মূলত বাইরের লোকেরা যে জায়গাগুলি দিয়ে প্রবেশ করতে পারেন, সেগুলি সমীক্ষা করে দেখা হয়েছে। এ ছাড়াও বাইরে থেকে এসে যদি কেউ লুকিয়ে ভিতরে প্রবেশ করতে চায়, তা-ও যাতে পুলিশের নজরদারির মধ্যে আসে, সেই ব্যবস্থাও করা হয়েছে। বিধানসভা চত্ত্বরে যাতে কোনও ভিভিআইপি অথবা ভিআইপির নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেদিকেও নজর রাখার জন্য সিসিটিভির উপরই ভরসা করছেন লালবাজারের কর্তারা।
পুলিশ জানিয়েছে, বিধানসভার নিরাপত্তা বৃদ্ধির জন্য সিসিটিভি ক্যামেরা ছাড়াও নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর জন্যও ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত ডিসেম্বর মাসে সিদ্ধান্তের পর থেকে বিধানসভায় দর্শনার্থীদের ক্ষেত্রেও কড়াকড়ি করা হয়েছে। বাইরের কোনও দর্শনার্থী ভিতরে প্রবেশ করলেও দুঘণ্টার বেশি থাকার অনুমতি দেওয়া হবেনা। এর বেশি থাকলে সেই ব্যক্তিকে পুলিশের প্রশ্নের মুখোমুখি হতে পারে।







