রাজ্য

চার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার আর্জি খারিজ, সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা তৃণমূলের

চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলের শিবির। তবে বৃহস্পতিবার সেই আবেদনে কোনও অন্তর্বর্তী স্বস্তি দিল না শীর্ষ আদালত। কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ না করে বরং মামলাটি দ্রুত শুনানির জন্য হাই কোর্টকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ফলে আপাতত ওই চারটি অ্যাকাউন্ট থেকে সরাসরি লেনদেনের সুযোগ পাচ্ছে না কালীঘাট তৃণমূল।

বৃহস্পতিবার বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চে এই মামলার শুনানি হয়। মমতা তৃণমূলের হয়ে সওয়াল করেন আইনজীবী মনু সিংভি। তিনি জানান, দলের দৈনন্দিন কার্যক্রম চালাতে প্রতি মাসে প্রায় ১২.১৫ কোটি টাকা প্রয়োজন। সামনে উপনির্বাচন থাকায় দ্রুত অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য শীর্ষ আদালতের কাছে আবেদন জানান তিনি।

অন্যদিকে, আবেদনের বিরোধিতা করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তাঁর বক্তব্য, একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং বিষয়টির সঙ্গে দলের অভ্যন্তরীণ বিরোধও যুক্ত। পাশাপাশি তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের কাছেও পৃথক প্রক্রিয়া চলছে বলে আদালতে জানানো হয়।

সব পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট জানায়, মামলার মূল বিষয় নিয়ে তারা এই পর্যায়ে কোনও মন্তব্য করছে না। হাই কোর্টের নির্দেশে সংবিধানের ১৩৬ নম্বর অনুচ্ছেদের অধীনে হস্তক্ষেপের প্রয়োজন দেখছে না আদালত। একইসঙ্গে কলকাতা হাই কোর্টকে মামলাটির শুনানি দ্রুত শেষ করার অনুরোধ করা হয়।

উল্লেখ্য, চারটি অ্যাকাউন্টের বিষয়ে মমতা তৃণমূলের দাবি ছিল, যে এফআইআরগুলির ভিত্তিতে অ্যাকাউন্টগুলি ডেবিট-ফ্রিজ করা হয়েছে, সেগুলিতে যথেষ্ট আইনি অসঙ্গতি রয়েছে। সেই কারণেই অ্যাকাউন্টগুলি ব্যবহারের অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করা হয়েছিল। কিন্তু হাই কোর্ট অন্তর্বর্তী স্বস্তি দিতে রাজি হয়নি। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মমতা-শিবির।

অন্যদিকে, এই চারটি অ্যাকাউন্টের বিষয়টি মমতা তৃণমূলের আরও তিনটি অ্যাকাউন্টের থেকে পৃথক। ওই তিনটি অ্যাকাউন্ট থেকে দৈনন্দিন দলীয় ও আইনি খরচ মেটানোর জন্য আগে কলকাতা হাই কোর্ট বিশেষ আধিকারিকের তত্ত্বাবধানে সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.