SIR-বিতর্কের আবহেই দিল্লিতে বৈঠকে বসেছিল বিজেপি-বিরোধী I.N.D.I.A শিবির। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ও ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এরই মধ্যে I.N.D.I.A জোটে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তবে তাদের শর্ত স্পষ্ট—মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের বাইরে রাখতে হবে। তাদের দাবি, মমতা জোটে থাকলে তা শেষ পর্যন্ত বিজেপিকেই সুবিধা করে দেবে।
বুধবার দিল্লিতে I.N.D.I.A শিবিরের একাধিক নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে জোটের ঐক্যের ছবি সামনে আসে। মল্লিকার্জুন খড়গে ও রাহুল গান্ধীর পাশে বসে বক্তব্যও রাখেন মমতা। এর পরদিনই এবিপি আনন্দে দেওয়া সাক্ষাৎকারে I.N.D.I.A জোটে যোগ দেওয়ার আগ্রহের কথা জানান ঋতব্রত-তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান।
আখরুজ্জামানের দাবি, বিজেপির বিরুদ্ধে বৃহত্তর ঐক্য গড়ে লড়াই করতে চায় তাঁদের দল। তবে তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় I.N.D.I.A জোটকে দুর্বল করার চেষ্টা করতে পারেন। অতীতে NDA-কে সমর্থনের নজিরও রয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজনীয়তা দেখা দিলে মমতা ফের জোট থেকে বেরিয়ে যেতে পারেন।
মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে রাজনৈতিকভাবে একঘরে হয়ে পড়েছেন বলেও দাবি করেন আখরুজ্জামান। তাঁর অভিযোগ, I.N.D.I.A জোটে মমতার ভূমিকা নিয়ে কেউ যোগাযোগ করুক বা না করুক, তিনি নিজেই বিষয়টি প্রকাশ্যে আনছেন। তাঁর বক্তব্য, বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে হলে মমতাকে বাদ দিয়েই I.N.D.I.A জোটকে এগোতে হবে। তবেই তাঁদের দল ওই জোটে যোগ দেবে।
এদিকে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অভ্যন্তরীণ বিভাজন আরও প্রকাশ্যে এসেছে বলে দাবি ঋতব্রতপন্থীদের। তাঁদের বক্তব্য, একাধিক সাংসদ NCPI-তে যোগ দিয়েছেন এবং ঋতব্রতপন্থী বিধায়করা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করছেন। নাম ও প্রতীক নিয়ে বিতর্কের মাঝেই তাঁদের নতুন রাজনৈতিক পরিচয় সামনে এসেছে। অন্যদিকে মমতা-তৃণমূল পাল্টা তাঁদের বিজেপির ‘বি-টিম’ বলে আক্রমণ করে আসছে।
এদিন সেই অভিযোগই উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বিরুদ্ধে তোলেন আখরুজ্জামান। তাঁর দাবি, সংসদে বিভিন্ন বিল পাশের সময় তৃণমূলের সাংসদদের অনুপস্থিতি বা ওয়াকআউট বিজেপিকে সুবিধা দিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে জোট ভাঙার জন্যও মমতার বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি রাহুল গান্ধীর বিরুদ্ধে মমতার অতীত মন্তব্য এবং পশ্চিমবঙ্গে তাঁর প্রচারে বাধা দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন আখরুজ্জামান।
তাঁর দাবি, বিজেপির বিরুদ্ধে লড়াই যখনই তীব্র হয়েছে, তখনই মমতা জোট থেকে সরে গিয়েছেন। তাই I.N.D.I.A জোটে মমতা থাকলে তাঁদের দল সেই জোটে থাকবে না। মমতাকে বাদ দেওয়া হলে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তাঁরা জোটের সঙ্গে হাত মেলাতে প্রস্তুত বলেও জানান তিনি।
এদিন মল্লিকার্জুন খড়গে এবং সনিয়া গান্ধীর উদ্দেশেও বার্তা দেন আখরুজ্জামান। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গ্রহণযোগ্যতা আর আগের জায়গায় নেই। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে I.N.D.I.A জোটকে শক্তিশালী করতে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস আগ্রহী, তবে তার জন্য মমতাকে জোটের বাইরে রাখতে হবে।
যদিও আখরুজ্জামানের এই বক্তব্যকে কটাক্ষ করেছেন মমতাপন্থী নেতা কুণাল ঘোষ। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই আখরুজ্জামানের মতো বহু নেতা-নেত্রীর রাজনৈতিক উত্থান হয়েছে। তাই এখন তাঁরাই মমতার বিরুদ্ধে কথা বলছেন বলে কটাক্ষ করেন কুণাল। তাঁর বক্তব্য, যাঁদের মানুষ ‘গদ্দার’ বা ‘বেইমান’ হিসেবে চেনে, তাঁদের মন্তব্যের কোনও গুরুত্ব নেই।







