শনিবার সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চারজন। ঘটনাটি ঘটেছে খড়গপুর-বালেশ্বর ১৬ নম্বর জাতীয় সড়কের বেলদা থানার রানীসরাই এলাকায়। একটি দ্রুতগামী স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটো লেনে চলে গিয়ে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ধাক্কা খায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা চারজনের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বাসিন্দা। এখনো পর্যন্ত মৃতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে—তিনি অতনু গুহ নামে পরিচিত। বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্করপিওটি বেলদা দিক থেকে দাঁতনের দিকে যাচ্ছিল। সেই সময় রানীসরাই পঞ্চায়েত এলাকায় গাড়িটি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যায় এবং দাঁতনের দিক থেকে আসা একটি লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে স্করপিওটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ইলেকট্রিক কাটার ও ক্রেন ব্যবহার করে মৃতদেহগুলি উদ্ধার করা হয়। বর্তমানে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।







