কলকাতা

বরাহনগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে বড় অগ্রগতি, ৪২ মাসে ১০ স্টেশন তৈরির লক্ষ্যে শুরু প্রস্তুতি

পালাবদলের পর ফের গতি পাচ্ছে বহু প্রতীক্ষিত বরাহনগর-ব্যারাকপুর মেট্রো (পিঙ্ক লাইন) প্রকল্প। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে এবার প্রকল্প বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রাথমিক সমীক্ষায় ইতিবাচক রিপোর্ট পাওয়ার পরই নির্মাণকাজের জন্য দরপত্র প্রকাশ করেছে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)।

পরিকল্পনা অনুযায়ী, মোট ৪২ মাসের মধ্যে বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত ১০টি মেট্রো স্টেশন নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সাড়ে তিন বছরের মধ্যেই এই করিডরের কাজ শেষ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এই প্রকল্পের সবচেয়ে বড় বাধা ছিল বিটি রোডের নীচে থাকা কলকাতা পুরসভার ছয়টি গুরুত্বপূর্ণ পানীয় জলের পাইপলাইন। পলতা জল পরিশোধন কেন্দ্র থেকে টালা জলাধার পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইন সরানো বা স্থানান্তর করা ছাড়া মেট্রো নির্মাণ সম্ভব ছিল না।

এই সমস্যার সমাধানে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞরা মাইক্রো টানেলিং প্রযুক্তি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী প্রথমে মাটির নীচে নতুন বিকল্প পাইপলাইন বসানো হবে। নতুন লাইনে জল সরবরাহ শুরু হওয়ার পর ধাপে ধাপে পুরনো পাইপ সরিয়ে মেট্রো নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। এর ফলে কলকাতার পানীয় জল সরবরাহে কোনও প্রভাব না ফেলেই প্রকল্পের কাজ চালানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

ইতিমধ্যেই কলকাতা পুরসভা এবং রেল বিকাশ নিগম লিমিটেডের মধ্যে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রকল্পের প্রযুক্তিগত জট কাটিয়ে দ্রুত নির্মাণ শুরু করার লক্ষ্যে দুই পক্ষই সমন্বয় রেখে এগোচ্ছে। সব বাধা কাটলে উত্তর শহরতলির যোগাযোগ ব্যবস্থায় এই মেট্রো প্রকল্প নতুন দিগন্ত খুলে দেবে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.