এবার ভাগ্নের হাতে খুন মামা। মাছ ধরা নিয়ে বিবাদে মামাকে খুন করেছে ভাগ্নে এমনটাই অভিযোগ উঠে আসছে। এমনই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে রবিবার উত্তর ২৪ পরগনার বসিরহাটের তেঘড়িয়া এলাকায়। মৃত ব্যক্তির নাম তুফান মন্ডল (২৮)। রবিবার রাতের অন্ধকারে তেঘড়িয়ার রাস্তায় পিছন থেকে ভারী জিনিস দিয়ে আঘাত তুফানের ভাগ্নে জিৎ মন্ডল।
স্থানীয় সুত্রে খবর, রবিবার সকালে মামা-ভাগ্নের মধ্যে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা হয়। সেই বিবাদ তখনকার মত বন্ধ হলেও রাতের বেলায় তা চরমে পৌঁছয়। বিবাদের পর রাতের অন্ধকারে মামার উপর আক্রমণ চালায় জিৎ। পিছন থেকে তুফান মন্ডলের মাথায় ইট দিয়ে আঘাত করে। এলাকার পথ চলতি মানুষ তুফান মন্ডলকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে দ্রুত বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে ।
ঘটনার পর পুলিশ জিৎকে জিজ্ঞাসাবাদ করে গ্রেফতার করেছে। ঘটনায় আতঙ্কিত গোটা এলাকা। জিৎ মন্ডলের বাবা বলেছেন, তাঁর ছেলে অন্যায় করেছে অন্যায়ের শাস্তি সে পাক।







