India Meteorological Department-এর সর্বশেষ বুলেটিন অনুযায়ী, পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আগামী কয়েকদিন বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। রাজ্যজুড়ে গরম ও আর্দ্রতার মাত্রা ক্রমশ বাড়লেও, একইসঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে।
দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৩ ও ২৪ এপ্রিল একাধিক স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ২৪ এপ্রিল থেকে বজ্রঝড়ের তীব্রতা বাড়বে বলে পূর্বাভাস। কিছু জেলায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
২৫ থেকে ২৭ এপ্রিলের মধ্যে পরিস্থিতি আরও জটিল হতে পারে। ওই সময়ে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায় ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ এপ্রিল প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে।
২৮ ও ২৯ এপ্রিল ঝাড়গ্রাম, মেদিনীপুর, হাওড়া ও দক্ষিণ ২৪ পরগনায় আবারও ঝোড়ো হাওয়া ও বজ্রঝড় সক্রিয় থাকতে পারে।
উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ২৫ ও ২৬ এপ্রিল সেখানে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, যার ফলে জল জমার আশঙ্কা রয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করে জানিয়েছে, এই সময়ে খোলা জায়গায় না থাকা, বজ্রঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকা এবং গাছের নিচে আশ্রয় না নেওয়াই নিরাপদ। আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া প্রধানত অস্থির ও ঝড়-বৃষ্টিপূর্ণ থাকবে বলে জানানো হয়েছে।







