মুখে কালি, থুতু চাটতে বাধ্য করা হল বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্য উত্তরপ্রদেশে।
ফের বর্বরতার সাক্ষী থাকল যোগীরাজ্য উত্তরপ্রদেশ। পুলিশ সূত্রে খবর, সিদ্ধার্থনগরের তিঘারা গ্রামের বছর ৭৫ এর মোহাব্বত আলি নামের এক বাসিন্দা ছিলেন। অভিযোগ, মোহাব্বত গ্রামের মহিলাদের কাছে গিয়ে কথা বলার জন্য জোর করতেন। এমনকী, তাঁদের ধরে ধরে নিজের মোবাইল নম্বর দেওয়ার অভিযোগও করেন মহিলারা। এরপরই গ্রামের ‘স্বঘোষিত’ রক্ষাকর্তারা তাকে শাস্তি দিতে উদ্যোগী হয়। শাস্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এলে দেখা যায়, বৃদ্ধকে দড়ি দিয়ে বেঁধে কয়েকজন যুবক বৃদ্ধকে মারধর করে গ্রামে গ্রামে ঘোরাচ্ছেন। এখানেই শেষ নয় তাঁর মুখে লেপে দেওয়া হল কালি। থুতু চাটতে বাধ্য করা হয় তাঁকে। এরপর, জুতোর মালা পরিয়ে বৃদ্ধকে গোটা গ্রামে ঘোরানো হয় বলেও অভিযোগ। সিদ্ধার্থনগর জেলার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনার পরই গোলহউরা থানায় অভিযোগ দায়ের করেন মোহাব্বত। ইতিমধ্যেই চার অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।







