পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার পিন্ডরুই কুইডাঙা শ্মশান কালী মন্দির আজোও বহন করে চলেছে অনেক অজানা অতীত ইতিহাস। প্রায় ৩০০ বছর ধরে এখানে পূজিত হয়ে আসছে এই শ্মশান কালী মা। সাম্প্রতিক সময়ে খানিকটা দক্ষিনেশ্বরের আদলে মন্দির নির্মান হয়েছে।
মন্দিরের সেবাইতদের কথা অনুযায়ী বর্তমানে মন্দিরটি যেখানে অবস্থান করছে, পূর্বে সেখানেই ছিলো গ্রামের মহাশ্মশান। সতীদাহ প্রথা প্রচলনের সময় একজন সতী এই শ্মশানে স্বামীর সাথে সহমরন হয়েছিল। তারপরেই এলাকায় নেমে আসে আতঙ্ক। রাতে তো দূরের কথা, দিনের বেলাতেও এই শ্মশানের পাশ দিয়ে যাওয়াই যেতো না। পূর্বপূরুষেরা ভয় ভীতির পরিবেশ থেকে নিস্তার পেতে শ্মশানকালী মায়ের মন্দিরটি নির্মান করেছিলেন। সেদিন থেকেই ক্রমান্বয়ে আজ পর্যন্ত নিত্য পূজিত হয় এই মন্দিরের শ্মশান কালী মা। নিত্য পূজার সাথে বছরে একবার ঘটা করে পূজিত হয় মা। গ্রামবাসীদের এখন অগাধ বিশ্বাস ও ভরসার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পূর্বপুরুষ থেকে পূজিত হয়ে আসা এই শ্মশান কালী মা।







