দেশ জুড়ে বহু মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোথাও দেব আবার কোথাও দেবীর মন্দির। আর সেই সব মন্দির ঘিরে রহস্যেরও কমতি নেই । মন্দিরে বহু ভক্ত প্রণামীও দান করেন। অনেকেই দেব-দেবীকে সন্তুষ্ট করার জন্য মোটা অঙ্কের টাকা প্রণামী হিসেবে দান করেন। কেউ আবার সোনা, রূপোও দেন। কোথাও আমিষ ভোগ, কোথাও আবার প্রসাদ হিসেবে মদ দেওয়া হয় ভগবানকে। তবে এই প্রতিবেদনে আজ এমন এক মন্দিরের কথা জনাব তা গোটা বিশ্বের মধ্যেই একেবারেই বিরল। প্রণামী হিসেবে এই মন্দিরে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন।
এই মন্দির রয়েছে মধ্যপ্রদেশে। সেখানকার বিখ্যাত অন্নপূর্ণা মন্দিরে প্রণামী হিসেবে নেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। যেখানে ফুলের মালা কিংবা প্রসাদি মিষ্টি দিয়ে পুজো দেন, সেখানে ফুলের মালা, ফল, মিষ্টির বদলে ভক্তরা স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট হাতে হাজির হন এই মন্দিরে। সেসব নিয়ে মন্দিরের কারও কোনও ছুঁতমার্গ নেই। বরং দেবী মূর্তির সামনেই সেইসব প্যাকেট রাখা হয়। শুধু তাই নয়, অনেকে মেনসট্রুয়াল কাপও দান করেন এই মন্দিরে। এখন নিশ্চয়ই ভাবছেন এই স্যানিটারি ন্যাপকিনের প্যাকেট গুলি দিয়ে মন্দির কর্তৃপক্ষ ঠিক কী করেন?
এখানেই সামনে আসে এক স্বেচ্ছাসেবী সংস্থার নাম। মন্দিরে দান হিসেবে জমা পড়া সমস্ত স্যানিটারি ন্যাপকিন চলে যায় ভোপালের এক এনজিওতে। তাঁরাই দায়িত্ব নিয়ে বাকি কাজ সারেন। নিয়মিত সেইসব বিলি করে দেওয়া হয় বিভিন্ন গ্রামের মহিলাদের মধ্যে। বিশেষত যাদের স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ নেই তাঁদের সকলকেই বিনামূল্যে অন্নপূর্ণা মন্দিরের অভিনব প্রসাদ বিলি করা হয়। সংস্থার কর্ণধার দীপাঞ্জন মুখার্জির কথায়, এমন অভিনব ভাবনার নেপথ্যে রয়েছে আসামের কামাখ্যা মন্দির। সেখানে প্রতি বছর দেবীর ঋতুমতী অবস্থাকে উদযাপন করা হয়। সেখান থেকে তাঁর মনে হয়, দেবীর পুজোর অন্যতম অঙ্গ হতে পারে স্যানিটারি ন্যাপকিন। এরপর তিনি গবেষণা করে দেখেন, আমাদের এমন মহিলার সংখ্যা নেহাতই কম নয়, যাঁদের প্রতি মাসে স্যানিটারি ন্যাপকিন কেনার সামর্থ নেই। যার জেরে তাঁদের অনেকেই নানা যৌনরোগে ভোগেন। এরপরই মন্দিরে প্রণামী হিসেবে এমন অভিনব ব্যবস্থা চালু হয়। সংস্থার তরফেই দায়িত্ব নিয়ে, বিভিন্ন সরকারি স্কুল বা বস্তি এলাকায় ওই স্যানিটারি ন্যাপকিন দান করা হয়।
শুধু তাই নয়, মন্দিরে আরও দুই বিশেষ দানের ব্যবস্থা রয়েছে। অন্নদান তো রয়েইছে। সেক্ষেত্রে ভক্তরা মন্দিরে চাল, ডাল জাতীয় খাদ্য সামগ্রী দান করতে পারেন চাইলে। এরপর বিদ্যাদানের ব্যবস্থাও রয়েছে। লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন জিনিসপত্র যেমন বইখাতা, পেন, পেন্সিল, এইসব দান করা যেতে পারে। দেবীর প্রণামী হিসেবে পাওয়া এই সবকিছুই গরিব-দুঃখীদের মধ্যে দান করে দেওয়া হয়।







