বিয়েতে রাজি হননি প্রেমিক। বাড়ির দেখা মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তাঁর। সেই রাগেই তাঁর উপর অ্যাসিড হামলা করালেন প্রেমিকা! ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালীতে।
পুলিশ সূত্রে খবর, জেরার সময় তরুণী বলেন, “প্রেমিক আমায় বিয়ে করতে রাজি হয়নি। উল্টে বাড়ির লোকের দেখা অন্য মেয়ের সঙ্গে বিয়ে করছিল। এরপরই আমি প্রেমিককে উচিত শিক্ষা দিতে অ্যাসিড দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা ভাবি।”
ইতিমধ্যেই আক্রান্ত তরুণের বয়ান নিয়েছে পুলিশ। সূত্রের খবর, পাঁচ মাস আগে ওই তরুণীর সঙ্গে আক্রান্ত যুবকের আলাপ হয়েছিল। ওই তরুণী বিবাহিত হলেও স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে থাকছেন। সম্প্রতি তরুণকে তিনি বিয়ে করতে চান। এদিকে ছেলের বাড়ি আগে থেকেই অন্য জায়গায় তাঁর বিয়ে ঠিক করে ফেলেন। এরপর থেকেই প্রেমিকের উপর রাগে ফুঁসছিলেন তরুণী।
অভিযোগ, ঘটনার দিন প্রেমিককে প্রেমিকা ফোন করে দেখা করতে বললে প্রেমিকার কথা মেনে দেখাও করতে যান তিনি। সেখানে বারবার ওই তরুণী প্রশ্ন করেন, ‘আমাকে বিয়ে করবে না তো?’ জবাবে প্রেমিক কিছু না বলে বেরিয়ে আসেন। আর সেখান থেকে বেরিয়ে আসার পথেই এই অ্যাসিড হামলা হয়। একজন তাঁর উপর অ্যাসিড ছুড়ে পালিয়ে যায়। এমনটাই জানিয়েছেন অভিযোগকারী ওই তরুণ।
বৈশালি জেলার পুলিশ সুপার রবিরঞ্জন কুমার বলেন, “অভিযোগকারীর বয়ান অনুযায়ী, হামলাকারীকে তিনি চিনতে পারেননি। তবে তাঁর তখনই মনে হয়, এই ঘটনায় তাঁর প্রেমিকা জড়িত'” অভিযোগ পেয়েই ওই তরুণীকে তুলে আনার পর পুলিশি জেরার সময় অভিযুক্ত প্রেমিকা নিজের দোষ স্বীকার করেন। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তবে আততায়ীর খোঁজ এখনও মেলেনি।






