সংসদে স্মোক-বম্ব ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে গত সপ্তাহ থেকেই উত্তাল গোটা রাজ্য রাজনীতি। এমনকি, সংসদের নিরাপত্তা ইস্যুতে আওয়াজ তুলে সংসদের ভেতরে ও বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন বিরোধী সাংসদরা। গতকাল সাসপেনশনের প্রতিবাদে সংসদের বাইরে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখিয়েছিল “ইন্ডিয়া” জোটের সাংসদরা। তাঁদের দাবি ছিল, সংসদ কাণ্ড নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিবৃতি দিক এবং সংসদে এই নিয়ে আলোচনা করা হোক।আর তার পরেই গত সোমবার এবং মঙ্গলবার মিলিয়ে প্রায় ১৪২ জন বিরোধী দলের সাংসদকে বরখাস্ত করেছিলেন স্পীকার ওম বিরলা। যা ভারতের সংসদের ইতিহাসে বেনজির ঘটনা।
আর এদিকে সংসদ চত্বরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের মিমিক্রি করার ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। বিতর্কের মধ্যেই এবার ধনকড়কে ফোন করলেন স্বয়ং প্রধানমন্ত্রী। আর সেই কথা নিজের এক্স হ্যান্ডলে জানালেন উপরাষ্ট্রপতি।
এদিন ধনকড় তার এক্স হ্যান্ডলে লেখেন, “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির থেকে একটি টেলিফোন পেলাম। গতকাল কয়েকজন সম্মাননীয় সাংসদ যেভাবে ভয়ংকর নাটকীয়তার সৃষ্টি করলেন তাও পবিত্র সংসদ চত্বরে তা নিয়ে উনি গভীর বেদনা প্রকাশ করেছেন। বলেছেন, গত কুড়ি বছর ধরে এমনই অপমান পেয়ে আসছেন উনি। কিন্তু ভারতের উপরাষ্ট্রপতির সঙ্গে সংসদে এমন হওয়াটা দুর্ভাগ্যজনক। আমি ওঁকে বলেছি কয়েকজনের আচরণ আমাকে আমার কর্তব্য পালন করা থেকে আটকাতে পারে না।’ সেই সঙ্গে তাঁর ঘোষণা, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকে এই মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। কোনও অপমান আমাকে আমার পথ পরিবর্তন করতে বাধ্য করতে পারবে না।”
অভিযোগ, মঙ্গলবার সংসদ চত্বরে ধনকড়ের মিমিক্রি করেন কল্যাণ। একটি ভাইরাল ভিডিওতে (ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় ৩৬৫ ডিজিটাল) দেখা গিয়েছে, নিজের মোবাইল ফোনে কল্যাণের সেই অঙ্গভঙ্গি রেকর্ড করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আগেই ধনকড় এই বিষয়ে ক্ষোভ উগরে বলেছিলেন, “সাংসদরা যা করেছেন তা ‘অনভিপ্রেত’ এবং ‘লজ্জাজনক’।” এবার পুনরায় এক্স হ্যান্ডলে ক্ষোভ ও অভিমান প্রকাশ করলেন উপরাষ্ট্রপতি।







