রাজ্য

চিকেনস নেকের নিরাপত্তা থেকে পুলিশের আধুনিকীকরণ, অমিত শাহের বৈঠকে বাংলার ১০০ দিনের খতিয়ান

উত্তরবঙ্গ সফরের প্রথম দিনেই একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে সীমান্ত নিরাপত্তা, ‘চিকেনস নেক’-এর সুরক্ষা, সন্ত্রাস দমন এবং মাদক পাচার রুখতে রাজ্যের নতুন পদক্ষেপ। পাশাপাশি গত ১০০ দিনে রাজ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার ক্ষেত্রে কী কী কাজ হয়েছে, তার বিস্তারিত খতিয়ানও স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে তুলে ধরার প্রস্তুতি চলছে।

এসটিএফ, অ্যান্টি টেররিজম স্কোয়াড এবং অ্যান্টি নারকোটিকস টাস্ক ফোর্সের কাজ নিয়েও হবে বিশেষ পর্যালোচনা। গত ১০০ দিনে এসটিএফের বিভিন্ন অভিযান ও সাফল্য পাওয়ার প্রক্রিয়া পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হবে। আগামী দিনে এই বাহিনীগুলির কাজের পরিধি কী হবে, তা নিয়েও আলোচনা হতে পারে।

বুধবারের মন্ত্রিসভার বৈঠকে অ্যান্টি টেররিজম স্কোয়াড ও অ্যান্টি নারকোটিকস টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য পুলিশের অধীনে থেকে কীভাবে কেন্দ্রীয় ও অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে এই বাহিনী কাজ করবে, সেটিও আজকের বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়।

নজরে ‘চিকেনস নেক’

উত্তরবঙ্গের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’। সীমান্তবর্তী এলাকায় বিএসএফের পরিকাঠামো গড়ে তুলতে জমি হস্তান্তরের কাজ কতটা এগিয়েছে, তা নিয়েও আলোচনা হবে।

সূত্রের খবর, ইতিমধ্যেই বিএসএফকে সীমান্তে কাঁটাতার, আউটপোস্ট এবং অন্যান্য পরিকাঠামো তৈরির জন্য ৭৬৭.১০ একর জমি হস্তান্তর করা হয়েছে। আরও ৩৬১.৯৩ একর জমি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় ইছামতী নদী বরাবর সীমান্তে বেড়া নির্মাণের জন্য প্রায় ৯১৫ একর জমির সমীক্ষাও শেষ হয়েছে বলে জানা যাচ্ছে।

১০০ দিনে কী কী কাজ?

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি রাজ্যের ১২টি সীমান্তবর্তী জেলার উন্নয়ন নিয়েও রিপোর্ট পেশ করা হবে। ওই জেলাগুলিতে মোট ১,৩৮৩টি উন্নয়ন প্রকল্পের প্রস্তাব করা হয়েছে, যার জন্য বরাদ্দ হয়েছে ১৮২.৪৬ কোটি টাকা।

সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার দ্রুত বিচারের জন্য তিনটি বিশেষ এনআইএ আদালত তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইতিমধ্যেই দুটি আদালতের উদ্বোধন হয়েছে।

পুলিশি পরিকাঠামো আধুনিকীকরণেও একাধিক পদক্ষেপের কথা তুলে ধরা হবে। গত তিন মাসে রাজ্যের ২৫টি থানায় সিসিটিভি ব্যবস্থা চালু বা স্থাপন করা হয়েছে। পাশাপাশি ১২টি রেডিও মোবাইল ভ্যান এবং ৯টি মহিলা টহলদারি গাড়ি প্রস্তুত করা হয়েছে। পুলিশের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে ১,৫০০টি রেডিও হ্যান্ডসেট ট্রান্সমিটার সংগ্রহের উদ্যোগও নেওয়া হয়েছে।

সব মিলিয়ে সীমান্তে কাঁটাতার ও জমি হস্তান্তর থেকে শুরু করে সন্ত্রাস দমন, মাদকবিরোধী অভিযান, বিশেষ আদালত এবং পুলিশি আধুনিকীকরণ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ই আজ অমিত শাহের বৈঠকের কেন্দ্রবিন্দুতে থাকতে চলেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.