জেলা

আবু হাসেম ও খগেন মুর্মুর মাঝে কৃষ্ণেন্দুনারায়ণ, রেলের অনুষ্ঠানে একই মঞ্চে ৩ হেভিওয়েট

একই মঞ্চে পাশাপাশি বসে মালদহের দুই সাংসদ৷ বিজেপির খগেন মুর্মু ও কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। দুজনের মাঝখানে রয়েছেন ইংরেজবাজার পুরসভার তৃণমূল চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী৷ দেবীপক্ষের দ্বিতীয়ায় এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকল রথবাড়ি এলাকার জনগণ৷ উপলক্ষ ছিল রেলের আন্ডার সাবওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন৷

দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে খুলে গেল পূর্বরেলের মালদহ ডিভিশনের রথবাড়ি আন্ডার সাবওয়ে৷ রেলের উচ্চপদস্থ কর্তারা ছাড়াও রেলের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জেলার শাসক ও বিরোধী দলের পদাধিকারীরা৷ একই অনুষ্ঠানে শাসক ও বিরোধী নেতারা আমন্ত্রিত জেনে জোর জল্পনা ছড়িয়েছিল গোটা জেলাজুড়ে৷ কিন্তু যাবতীয় জল্পনাকে ফুৎকারে উড়িয়ে সবপক্ষই কিন্তু হাজির ছিলেন রেলের অনুষ্ঠানে৷ যেন উৎসবের আবহই মিলিয়ে দিয়েছে যুযুধান সব পক্ষকে৷

কমবেশি দশ বছর পর বাস্তবায়িত হয়েছে রেলের মাথবাড়ি ডিভিশনের রথবাড়ি আন্ডারপাস৷ তাই জেলার দুই সাংসদ ও পুরসভার চেয়ারম্যানের মতোই উচ্ছ্বাস ধরা পড়েছে এলাকাবাসী চোখে মুখে৷ জেলার উন্নয়নে রাজনীতি ভুলে সবাই একসঙ্গে রয়েছেন বলে দাবি করেছেন বর্ষীয়ান সাংসদ কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী৷

পদ্মসাংসদ খগেন মুর্মু ধ্যনবাদ দিয়েছেন ডিআরএম সহ রেলকর্তাদের৷ অন্যদিকে ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন মন্ত্রী তৃণমূলের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, তিন ব্যক্তি নয়, ডিআরএম, সাংসদ এবং পুরসভা এই তিন পিলারই আন্ডারপাস তৈরির নেপথ্যে৷ মালদহের রূপকার প্রয়াত বরকত গনি খান চৌধুরীর প্রসঙ্গও এদিন তুলেছেন কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী। রাজনৈতিক মতপার্থক্য দূরে ঠেলে জেলার উন্নয়নে সবাইকে সামিল হতে আহ্বান জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.