‘এটা কোনও রাজনৈতিক মঞ্চ নয়। বিচারের পদ্ধতি মেনে চলুন। আমরা চিকিৎসকদের চিন্তার বিষয়গুলি দেখছি। আপনি যদি বলেন, মুখ্যমন্ত্রীর পদত্যাগের নির্দেশ দিতে হবে, সেটা হতে পারে না। এটা আমাদের কাজ নয়’, এক আইনজীবীকে ধমক দিয়ে প্রধান বিচারপতির মন্তব্য।
মঙ্গলবারের মতো আরজিকর মামলার শুনানির সমাপ্ত হল। উঠে গেলেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এজলাস ছাড়লেন আইনজীবীরাও।
উল্লেখ্য, আরজিকরকাণ্ডে সম্প্রতি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চাওয়ার ইচ্ছেপ্রকাশ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বৃহস্পতিবার নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে রাজ্যের বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি চেয়ার চান না। জনস্বার্থে তিনি পদত্যাগ করতে রাজি আছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিনি চান নির্যাতিতা বিচার পাক।
আজ সুপ্রিম কোর্টে ছিল আরজিকর মামলার শুনানি। এদিন একাধিক সওয়ালের জবাবের শেষে আদালতের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এক আইনজীবী। তাঁকে কার্যত ধমকের সুরেই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগের নির্দেশ দেওয়া তাঁদের কাজ নয়।







