ইডেন টেস্টে প্রতি ঘণ্টায় যেন ম্যাচের রং পাল্টাচ্ছে। প্রথম দিনের বুমরাহ-ম্যাজিকের পর, দ্বিতীয় দিন সকালে ভারত শুরুতেই ধাক্কা খেল অধিনায়ক শুভমান গিলের চোট এবং ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায়। তবে দিনের একদম শেষে এসে রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের স্পিন-ঘূর্ণি আবার খেলায় ফেরালো ভারতকে। টেস্ট ম্যাচটি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে তৃতীয় দিনেই ফল আসা নিশ্চিত।
প্রথম দিনের শেষে ১ উইকেটে ৩৭ রান নিয়ে ভারত শক্তিশালী জায়গায় ছিল। কিন্তু দ্বিতীয় দিন সকালে চিত্রটা পুরোপুরি পাল্টে যায়। সেট হওয়া ওয়াশিংটন সুন্দর (২৯) আউট হতেই ধাক্কা শুরু। এরপরই বড় অঘটন, অধিনায়ক শুভমান গিল মাত্র ৩ বল খেলে ঘাড়ের ব্যথায় মাঠ ছাড়েন এবং পরে আর ব্যাটিংয়ে নামেননি। তাঁর অনুপস্থিতি ভারতের ব্যাটিংয়ে বড় প্রভাব ফেলে।কে এল রাহুল (৩৯) বা ঋষভ পন্থ (২৭) – কেউই বড় ইনিংস খেলতে পারলেন না। প্রোটিয়া স্পিনার সাইমন হার্মারের নিখুঁত বোলিংয়ে (৪ উইকেট) ভারত মাত্র ১৮৯ রানে অলআউট হয়ে যায়। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে মাত্র ৩০ রানের লিড নিতে সক্ষম হয় টিম ইন্ডিয়া, যা ছিল অপ্রত্যাশিত।
এই হতাশার মধ্যেও ভারতীয় শিবিরে একমাত্র স্বস্তির খবর আসে রবীন্দ্র জাডেজা-এর ব্যাট থেকে। ব্যাট হাতে তিনি ২৭ রান করলেও, টেস্ট ক্রিকেটে ৪০০০ রান এবং ৩০০ উইকেটের অবিশ্বাস্য মাইলফলকটি ছুঁয়ে ফেলেন। এই নজির গড়ে তিনি কপিল দেব, ইয়ান বোথামদের এলিট ক্লাবে প্রবেশ করলেন। অন্যদিকে, চোট সারিয়ে ফেরা ঋষভ পন্থও একটি রেকর্ড গড়লেন,তিনি ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছক্কা (৯২টি) মারার রেকর্ড নিজের নামে করে নিলেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতেই দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা ইডেনের পিচে আর টিকতে পারেননি। মাত্র ৩০ রানের লিড নিয়েও ঋষভ পন্থের নেতৃত্বাধীন (গিল মাঠের বাইরে থাকায়) ভারতীয় দল শুরু থেকেই স্পিন আক্রমণ চালায়।
তাতেই বাজিমাত! দিনের শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৯৩ রান। অর্থাৎ, তাদের হাতে মাত্র ৩টি উইকেট রয়েছে এবং তারা এগিয়ে আছে মাত্র ৬৩ রানে। একাই ৪টি উইকেট নিয়ে প্রোটিয়াদের কোমর ভেঙে দিলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন কুলদীপ যাদব (২ উইকেট)।
এখন এটাই দেখার, তৃতীয় দিন সকালে প্রোটিয়ারা আর কত রান যোগ করতে পারে। তবে ভারতীয় স্পিনারদের দাপটে ভারতের সামনে চতুর্থ ইনিংসে লক্ষ্যটা খুব বড় হবে না বলেই আশা করা যাচ্ছে।







