দেশ

খাবার রাখার জায়গাতেই ইউরিনাল! নামী কফি হাউসে FDA-র অভিযানে চাঞ্চল্যকর ছবি

মুম্বই: খাবার সংরক্ষণের জায়গার পাশেই ইউরিনাল। রেফ্রিজারেটরের ভিতরে মাংসের রক্তের দাগ। রান্নাঘরে ঘুরছে আরশোলা, ভনভন করছে মাছি। এমনই ভয়াবহ স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ছবি ধরা পড়ল মুম্বইয়ের ১০৮ বছরের পুরনো ঐতিহ্যবাহী Olympia Coffee House-এ।
পশ্চিমবঙ্গের বিভিন্ন দোকান, হোটেল ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি খাবার এবং পচা খাদ্য উপকরণের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান চলছে। ঠিক সেই সময় মহারাষ্ট্রের ‘Safe Food Safe Maharashtra’ অভিযানের আওতায় মুম্বইয়ের এই নামী কফি হাউসে অভিযান চালিয়ে একাধিক গুরুতর অনিয়মের সন্ধান পেল Food and Drug Administration (FDA)।
সূত্রের খবর, বুধবার Olympia Coffee House-এ পরিদর্শনে যান FDA আধিকারিকরা। সেখানেই দেখা যায়, খাবার সংরক্ষণের জায়গাতেই রয়েছে একটি ইউরিনাল। এমনকি খাবার সরাসরি মেঝেতে রেখে সংরক্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ। সেই খাবারই পরে গ্রাহকদের পরিবেশন করা হচ্ছিল।
রান্নাঘর এবং বাসন ধোয়ার জায়গাতেও একাধিক অনিয়ম নজরে আসে। একটি রেফ্রিজারেটরের ভিতরে মাংসের রক্তের দাগ পাওয়া যায়। একই জায়গায় নিরামিষ ও আমিষ খাবার রাখা হয়েছিল বলেও অভিযোগ। পাশাপাশি রান্নাঘরে আরশোলা এবং মাছির উপস্থিতিও নজরে আসে পরিদর্শনকারী আধিকারিকদের।
শুধু পরিবেশগত অনিয়মই নয়, কর্মীদের প্রশিক্ষণ নিয়েও উঠেছে প্রশ্ন। FDA-র দাবি, রেস্তোরাঁয় কর্মরত ৩৫ জন খাদ্যকর্মীর মধ্যে ৩৪ জনই বাধ্যতামূলক Food Safety Training সম্পন্ন করেননি। এছাড়াও জলের পরীক্ষার রিপোর্ট এবং প্রয়োজনীয় স্যানিটেশন সংক্রান্ত নথিও পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।
অভিযানের পর কড়া পদক্ষেপ করেছে FDA। আপাতত Olympia Coffee House-এর লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেস্তোরাঁটিতে কোনও ধরনের ব্যবসায়িক কার্যক্রম চালানো যাবে না বলে জানানো হয়েছে।
নামী ও ঐতিহ্যবাহী একটি কফি হাউসের রান্নাঘর ও খাদ্য সংরক্ষণের এমন ছবি সামনে আসায় স্বাভাবিকভাবেই খাদ্য নিরাপত্তা এবং রেস্তোরাঁগুলিতে নিয়মিত নজরদারি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.