দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড় গুরুতর অসুস্থ হয়ে জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রের খবর, হৃদ্যন্ত্রজনিত সমস্যার কারণে তাঁর আজই অ্যাঞ্জিওপ্লাস্টি করা হতে পারে।
জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন চিকিৎসা-পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তাঁর হৃদ্যন্ত্রে সমস্যা ধরা পড়েছে এবং দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করা প্রয়োজন। সেই অনুযায়ী অস্ত্রোপচারের সমস্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। আপাতত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল সার্বক্ষণিক তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর সমীন শর্মার তত্ত্বাবধানেই এই অস্ত্রোপচার হওয়ার কথা।
ধনকড়ের অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তাঁকে দেখতে জয়পুরের ইএইচসিসি হাসপাতালে পৌঁছেছেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট-সহ একাধিক বিশিষ্ট রাজনৈতিক নেতা। সমাজমাধ্যমে গেহলট লিখেছেন, তিনি হাসপাতালে গিয়ে ধনকড়ের সঙ্গে দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। তিনি আরও জানান, ডক্টর সমীন শর্মার নেতৃত্বে চিকিৎসা চলছে এবং আজই অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা। পাশাপাশি তিনি ধনকড়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
উল্লেখ্য, ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব পালন করেন জগদীপ ধনকড়। পরে তিনি দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই সেই পদ থেকে ইস্তফা দিয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর পদত্যাগ ঘিরে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হলেও ধনকড় স্পষ্ট জানিয়েছিলেন, শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এরপর জাতীয় রাজনীতিতে তাঁকে খুব একটা সক্রিয়ভাবে দেখা যায়নি। এবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর সামনে এল।







