জেলা

জগদ্দলে খালের ধারে তৃণমূল কর্মীর দেহ উদ্ধার, জমিজমা বিরোধে খুনের অভিযোগ”

উত্তর ২৪ পরগনার জগদ্দলে খালের ধার থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল। শনিবার সকালে উচ্ছেগড়ে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে খালপাড়ে মহম্মদ ইসহাক ওরফে হীরা কুরেশি নামের এক ব্যক্তির দেহ মেলে। ভাটপাড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হীরা কুরেশি পেশায় ছিলেন মাংস ব্যবসায়ী।

অভিযোগ উঠেছে, শুক্রবার রাতে মাংসের অর্ডারের নামে তাঁকে ডেকে এনে খুন করা হয়। স্থানীয় এক দোকানদার সকালে দোকান খুলতে গিয়ে রক্ত ও জুতো দেখতে পান। এরপর তিনি থানায় খবর দেন। পুলিশ এসে খালের ধারে ওই দেহ উদ্ধার করে। মৃতদেহের পাশ থেকে একটি ইটও উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, মাথায় ইট দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, হীরা কুরেশি তৃণমূল কর্মী ছিলেন এবং তাঁকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তবে কেন এমন ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে বলে জানান তিনি।

স্থানীয় তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামও জানান, পুলিশ তদন্ত শুরু করেছে এবং দ্রুত সত্য সামনে আসবে বলে তিনি আশা করছেন। অন্যদিকে, ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিবাদ থেকেই খুনের সূত্রপাত। তাঁর কথায়, ভাটপাড়ার ১৪ নম্বর ওয়ার্ডে হীরার বাড়ি খালি করার জন্য দীর্ঘদিন ধরে চাপ দিচ্ছিল একদল দুষ্কৃতী। সেই কারণেই তাঁর মৃত্যু হয়েছে। অর্জুনের কটাক্ষ, এখানে তৃণমূলই মারছে, তৃণমূলই মরছে।

পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে এলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.