দক্ষিণ ২৪ পরগনার নোদাখালিতে একটি আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিকের লাইসেন্স বাতিল করেছে জেলা স্বাস্থ্য প্রশাসন। অভিযোগ, নির্দিষ্ট নিয়ম ভেঙে ক্লিনিকের ইউএসজি মেশিন সেবাশ্রয় শিবিরে নিয়ে গিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণে ব্যবহার করা হয়েছিল। এই অভিযোগের ভিত্তিতেই প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল নোদাখালির ‘জীবন আরোগ্য আলট্রাসোনোগ্রাফি ও জেনেটিক ক্লিনিক’-এ পরিদর্শনে যায়। সেখানে ইউএসজি মেশিন সংক্রান্ত প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হলে ক্লিনিক কর্তৃপক্ষ তা দেখাতে পারেনি। তাদের দাবি, সংশ্লিষ্ট মেশিনটি পুলিশ বাজেয়াপ্ত করেছে এবং বর্তমানে ডায়মন্ড হারবার থানার মালখানায় রয়েছে।
তদন্তকারীদের অভিযোগ, ওই ইউএসজি মেশিনটি সেবাশ্রয় শিবিরে ব্যবহার করা হয়েছিল এবং সেখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো বেআইনি কাজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ক্লিনিকটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেয় জেলা স্বাস্থ্য প্রশাসন। পাশাপাশি কর্তৃপক্ষকে লাইসেন্স জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য দফতর আরও জানিয়েছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানে কোনও ধরনের আলট্রাসোনোগ্রাফি বা অন্যান্য পরীক্ষা-নিরীক্ষা চালানো যাবে না।
উল্লেখ্য, সেবাশ্রয় শিবিরকে ঘিরে এর আগেও একাধিক বিতর্ক সামনে এসেছে। শিবিরে ভুল চিকিৎসা, অনিয়ম এবং ভ্রূণের লিঙ্গ নির্ধারণের মতো গুরুতর অভিযোগে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলেও জোর চর্চা শুরু হয়েছে। তবে অভিযোগগুলির তদন্ত এখনও চলছে এবং চূড়ান্ত তদন্ত রিপোর্ট প্রকাশের অপেক্ষা রয়েছে।







