সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই দুর্নীতি ধরতে একেবারে নড়েচড়ে বসেছেন ইডি আধিকারিকরা।রেশন দুর্নীতির তদন্ত যত এগিয়েছে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এনেছে ইডি।
ইডি আধিকারিকদের দাবি,”শুধু সরকারের ধান কেনার টাকা থেকেই কমিশন নিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কোটি-কোটি টাকা লাভ করেছেন। ৫ বছরে কমিশন বাবদ ১৩৭ কোটি টাকা ঢুকেছে বালুর পকেটে।”
প্রসঙ্গত, শুক্রবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য মধ্যরাতে গ্রেফতার হওয়ার পর শনিবার তাঁকে নগর দায়রা আদালতে পেশ করে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, “রেশনে প্রায় দশ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। সরকারি ন্যায্য মূল্যে ধান কেনার কমিশন হিসাবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে ঢুকেছে কয়েকশো কোটি টাকা। ”
সরকারি তথ্য সূত্রে খবর, ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত অর্থাৎ এই পাঁচ বছরে সরকার ৬ কোটি ৮২ লক্ষ ৯০ হাজার ৪৪০ কুইন্টাল ধান কিনেছে। এদিকে ইডি সূত্রে খবর, কুইন্টাল প্রতি ২০ টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। কুড়ি টাকা হিসাবে কমিশনের অঙ্ক ১৩৭ কোটি টাকা। সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি ধান কেনা হয়েছে।
তাহলে এখন প্রশ্ন এই পাঁচ বছরেই যদি ১৩৭ কোটি টাকা বালুর পকেটে ঢোকে তাহলেতো গত দশ থেকে বারো বছরে কমিশনের পরিমাণ দ্বিগুণের বেশি।







