খেজুরির জোড়া রহস্যমৃত্যু মামলায় ফের নড়েচড়ে বসল কলকাতা হাইকোর্ট। এসএসকেএম হাসপাতালে হওয়া দ্বিতীয় ময়নাতদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাই এবার হাইকোর্টের তরফ থেকে সামনে এলো পদক্ষেপ। পাশাপশি বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে।
গত ১১ই জুলাই মহরম উপলক্ষে খেজুরি থানার ভাঙনমারি গ্রামে অনুষ্ঠিত হয়েছিল এক ধর্মীয় অনুষ্ঠান। তার পরের দিন সকালে উদ্ধার হয় দুই যুবকের রক্তাক্ত দেহ। মৃত যুবকদের নাম সুধীর পাইক ও সুজিত দাস। তাদের পরিবারের দাবি এই যুবদের শরীরে বহু আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তৃণমূল ও অনুষ্ঠান-আয়োজকদের দাবি করেছে ওই দুই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন।
প্রথম ময়নাতদন্তে পুলিশের তরফে দাবি করা হয়েছিল, মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই। তবে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টে চিত্রটা কিছটা বদলে যায়। এসএসকেএম-এর রিপোর্টে সুধীর পাইকের দেহে ২৪টি আঘাতের চিহ্ন এবং সুজিত দাসের দেহেও একাধিক গভীর আঘাতের উল্লেখ রয়েছে। দুটি ময়নাতদন্তের রিপোর্টে ভিন্ন হওয়ায়, প্রশ্ন উঠছে প্রশাসনের স্বচ্ছতা নিয়ে। এবার এই যুবকদের মৃত্যুর আসল কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এবার সেই ধোঁয়াশা মেটাতে মৃত যুবকদের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়। কলকাতার উচ্চ আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। তবে এসএসকেএমের দ্বিতীয় রিপোর্টের ভিত্তিতে এবার আদালতের স্পষ্ট নির্দেশ নতুন মেডিক্যাল বোর্ড গঠন করে প্রতিটি আঘাতের ব্যাখ্যা দিতে হবে। পাশাপশি কোন কোন আঘাত সরাসরি মৃত্যুর কারণ হতে পারে, সেই দিকে নজর দিতে নির্দেশ দিয়েছে। একইসঙ্গে রাজ্যের স্বাস্থ্য দফতরকে পুরো ঘটনার উপর পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে নির্দেশ হাইকোর্টের। রাজ্যে এই রহস্যমৃত্যু নিয়ে শাসক-বিরোধী রাজনৈতিক দ্বন্দ্ব আরো তীব্র হচ্ছে।







