রাজনীতি

পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর, কেমন আছেন এখন ?

চিকিৎসার জন্য দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা তথা বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রবীণ এই নেতার শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হলেও সিপিএমের তরফে জানানো হয়েছে, তাঁর পেসমেকার বসানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। এখনও হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। আপাতত তাঁর সঙ্গে দেখা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন চিকিৎসকেরা।

সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, গত তিন দিন ধরে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন বিমান বসু। তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে দলের নেতৃত্ব। সেলিমের কথায়, উদ্বেগের কোনও কারণ নেই। চিকিৎসকদের পরামর্শেই আপাতত বিমান বসুর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না।

চিকিৎসকেরা সিপিএম নেতৃত্বকে জানিয়েছেন, খুব শীঘ্রই বিমান বসুকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। সেই অনুযায়ী, কয়েক দিনের মধ্যেই প্রবীণ বাম নেতা হাসপাতাল থেকে মুক্ত হয়ে কলকাতায় ফিরতে পারবেন বলেই আশা করছে দল।

সিপিএম নেতাদের দাবি, ৮৬ বছর বয়স হলেও এখনও বড় কোনও শারীরিক সমস্যায় ভোগেন না বিমান বসু। বয়সকে যেন এখনও পাত্তাই দেন না তিনি। বামেদের মিছিল থেকে শুরু করে জনসভা— সর্বত্রই সক্রিয়ভাবে দেখা যায় তাঁকে। প্রবল গরমেও মঞ্চে উঠে বক্তব্য রাখতে পিছপা হন না তিনি। গত ১৫ অগস্ট আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন বিমান বসু। ওই দিনই টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ছোটবেলার স্বাধীনতা দিবসের স্মৃতিও ভাগ করে নিয়েছিলেন তিনি।

তবে পেসমেকার বসানোর পর আগের মতোই কি মিছিলের প্রথম সারিতে হেঁটে নেতৃত্ব দিতে পারবেন বিমান বসু? বয়সকে ফের ‘গোল’ দিতে পারবেন কি এই প্রবীণ বাম নেতা? আপাতত সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। তবে মহম্মদ সেলিম জানিয়েছেন, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর কয়েক দিনের মধ্যেই কলকাতায় ফিরতে পারেন বিমান বসু। আর সিপিএম নেতৃত্বের আশা, শহরে ফিরেই ফের পুরনো ছন্দে দেখা যাবে ৮৬ বছরের এই ‘তরুণ’ নেতাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.