লাক্ষাদ্বীপ বনাম মলদ্বীপের লড়াই জমে উঠেছে। দেশি মলদ্বীপ’ নিয়েও আগ্রহ তুঙ্গে। রাতারাতি ভারতের এই কেন্দ্র শাসিত অঞ্চলের ট্যুরিজম সম্পর্কে খোঁজখবর নেওয়ার হিড়িক বেড়ে গিয়েছে। মলদ্বীপের হোটেল-বিমান বুকিং বাতিল করে লাক্ষাদ্বীপে ছুটছেন ভ্রমন প্রেমীরা।
কিন্তু, জানেন কি আপনার কাছে ভোটার-আধার কার্ড থাকলেও ঢুকতে পারবেন না লাক্ষাদ্বীপে। লাক্ষাদ্বীপে যেতে গেলে লাগবে বিশেষ একটি নথি। কিন্তু কোন গুরুত্বপূর্ণ নথি প্রয়োজন ট্যুরিস্টদের? জানুন,,,
টার্কয়িজ নীল রঙা জলের সামনে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখা কিংবাসারি সারি পাম গাছে ভরা সি বিচে ফটোসেশন করার লোভনীয় সুযোগ হাতছাড়া করতে চাইছেন না ট্যুরিস্টরা। কী ভাবে লাক্ষাদ্বীপে পাড়ি দেওয়া যায়, কোন কোন জায়গা ঘুরে দেখা যায়, তা নিয়ে আগ্রহ তুঙ্গে। তবে আরব সাগরের এই দ্বীপপুঞ্জে আধার কিংবা ভোটার কার্ড নিয়ে প্রবেশ করা যাবে না। তাই টিকিট বুকিং করার আগে জানুন কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন।লাক্ষাদ্বীপে প্রবেশ করতে গেলে ট্যুরিস্টদের প্রয়োজন বিশেষ পারমিটের। প্রত্যেক ট্যুরিস্টকেই এই বিশেষ পারমিট জোগাড় করতে হবে। নচেত্ লাক্ষাদ্বীপে পা ফেলাও সম্ভব নয়। লাক্ষাদ্বীপের স্থানীয় বাসিন্দা এবং সেখানে কর্মরত সরকারি আধিকারিকদের এই পারমিটের প্রয়োজন পড়ে না। দেশি-বিদেশি সকলকেই এই নথি সংগ্রহ করতে হবে।
কী ভাবে পেতে পারেন এই পারমিট?
অনলাইন- সহজেই অনলাইনে পাওয়া যায় এই বিশেষ পারমিট। এই পারমিট সংগ্রহ করতে লগ ইন করতে হবে https://epermit.utl.gov.in/pages/signup পোর্টালে। একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফর্ম ফিল আপ করে কোন দ্বীপে আপনি যেতে চান তা বেছে ফেলতে হবে। যাত্রার তারিখ নির্বাচন করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এই পোর্টালে। পেমেন্ট করলেই পাওয়া যাবে পারমিট। ১৫ দিনের মধ্যে ইমেল মারফত এই পারমিট পৌঁছে যাবে আপনার কাছে।
অফলাইন- লাক্ষাদ্বীপ প্রশাসনের ওয়েবসাইট http://www.lakshadweeptourism.com/contact.html থেকে আবেদনের ফর্ম ডাউনলোড করতে হবে। অথবা কাভারাত্তির জেলাশাসকের অফিস থেকেও ফর্ম সংগ্রহ করা যায়। ফিল আপ করে, নথি যুক্ত করে সাবমিট করতে হবে সেই অফিসেই। যদিও অফলাইনে এই প্রক্রিয়া বেশ কিছুটা দীর্ঘমেয়াদি।
এই পারমিট পেতে লাগবে এই নথি গুলি:-
**একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ
**আধার অথবা ভোটার কার্ডের ফটোকপি
**বিমান অথবা জাহাজের টিকিটের ফটোকপি
**হোটেল বুকিংয়ের রসিদ







