বল ভেবে খেলে গিয়েই বিকট শব্দে বোমা ফেটে গুরুতর জখম শিশু। ডায়মন্ড হারবারের এই ঘটনা নিয়ে আজ সকালে টুইট করে ক্ষোভ উগরে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের মাশাত গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ব্লকে। গতকাল সকালে শিশুটি বল ভেবে পড়ে থাকা বোমাটি নিয়ে খেলতে যায়, সেই সময় হঠাৎ বিস্ফোরণ হয়। জানা গেছে, শিশুটি মারাত্মকভাবে জখম হয়েছে। তাকে এসএসকেএমে ভর্তি করা হয়েছে।
নিজের এক্স-হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু বলেন, “ডায়মন্ড হারবারে শান্তিশৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ সেরার সম্মান পেয়েছে। শোনা যায়, সেখানে পুলিশ খুবই সক্রিয়। তাহলে এই ঘটনার অভিযোগ দায়ের হল না কীভাবে? বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে হাত খোয়াতে বসেছে শিশু, তাকে চুপিচুপি ভর্তি করা হয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতালে। ছেলেটি কেমন আছে জানা যায়নি, পুলিশকেও এ বিষয়ে কিছু জানানো হয়নি।”
ছেলেটির বাবা বলছেন, ‘হাসপাতালে ভর্তি করা হয়েছে ছেলেকে। বড় ডাক্তার দেখছেন। পুলিশও আছে এখানে।’ পুলিশের বক্তব্য, “শেখ আলমগীর নামে বছর দশেকের একটি ছেলে বল ভেবে হাতে বোমা তুলে নেয়। বোমাটি ফেটে শিশুটি জখম হয়। আমরা খবর পেয়েই ছেলেটিকে হাসপাতালে ভর্তি করেছি। বাড়ির লোকজনের সঙ্গে কথা বলে বুঝেছি, তারা বাজি তৈরি করে। বাচ্চাটি বল ভেবে বোমা নিয়ে খেলছিল। তখনই দুর্ঘটনা ঘটে। তদন্ত শুরু হয়েছে।”







